২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্র বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহৃত হতে দেব না: প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সশস্ত্র বাহিনীকে যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 09:53 AM

Updated : 13 Oct 2022, 02:49 PM

গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সশস্ত্র বাহিনীকে যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, তার সরকার সশস্ত্র বাহিনীকে কোনোভাবেই ‘দলীয় স্বার্থে’ ব্যবহৃত হতে দেবে না।

দেশে কোনো বিশৃঙ্খলা হলে সেনা বাহিনী বসে থাকবে না- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার এমন বক্তব্যের চার দিনের মাথায় এ কথা বললেন প্রধানমন্ত্রী।  

বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এক বৈঠকে তিন বাহিনীর প্রধানসহ সশস্ত্র বাহিনীর ঊধ্র্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, “যে কোন স্বাধীন রাষ্ট্রের ন্যায়, বাংলাদেশের পবিত্র সংবিধানকে রক্ষা তথা গণতান্ত্রিক ধারাবাহিকতাকে রক্ষা করার জন্য অন্যান্য প্রাতিষ্ঠানিক শক্তির ন্যায় সশস্ত্র বাহিনীকেও যে কোন হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে নিজেদের সর্বদা প্রস্তুত রাখতে হবে।”

সশস্ত্র বাহিনীকে দেশের সংবিধান ও গণতান্ত্রিক সরকারের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “সংবিধান এবং গণতন্ত্রবিরোধী যে কোনো কর্মকাণ্ড সকল শক্তি দিয়ে প্রতিহত করতে হবে। মনে রাখতে হবে অনেক ত্যাগ তিতিক্ষা ও সংগ্রামের বিনিময়ে দেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।”

কারো নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী বলেন, একটি মহল বাংলাদেশকে সন্ত্রাসী, জঙ্গীবাদী রাষ্ট্রে পরিণত করতে মরিয়া হয়ে উঠেছে। তারা সামরিক বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব সৃষ্টির জন্য অপপ্রচার চালাচ্ছে।

অতীতে সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে বার বার গণতান্ত্রিক ধারা ব্যাহত করার ঘটনা মনে করিয়ে দিয়ে শীর্ষ সেনা কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “সশস্ত্র বাহিনীর পিঠে সওয়ার হয়ে সামরিক শাসন, স্বৈরশাসন এবং সন্ত্রাসের খড়গ নেমে এসেছিল নিরীহ জনগণের ওপর। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা এই সব অপশাসনের ফলে মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল।”

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বড় একটি সময় দেশ পরিচালিত হয় সামরিক শাসনের অধীনে। জিয়াউর রহমান ও এইচ এম এরশাদের ওই সামরিক আইন জারিকে পরে অবৈধ ঘোষণা করে উচ্চ আদালত।

সর্বশেষ ২০০৭ ও ২০০৮ এই দুই বছর তত্ত্বাবধায়ক সরকারের নামে দেশ শাসিত হলেও তা কার্যত ছিল সেনা নিয়ন্ত্রিত।

আবার ‘কোনো অগণতান্ত্রিক শক্তি’যাতে সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করতে না পারে- সে বিষয়ে সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকতে বলেন প্রধানমন্ত্রী।

যুদ্ধাপরাধের বিচার বন্ধে মরিয়া জামায়াতি তাণ্ডবের মধ্যেই গত ২৪ মার্চ বগুড়া গিয়ে জামায়াতে ইসলামীর প্রধান শরিক বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এক জনসভায় বলেন, “আমাদের সেনাবাহিনী বিদেশে শান্তি রক্ষায় কাজ করে। দেশে কোনো বিশৃঙ্খলা হলে তারা বসে থাকবে না। তারা সময়মতো দায়িত্ব পালন করবে।”

তার ওই বক্তব্য নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। খালেদা সেনা হস্তক্ষেপের ‘উস্কানি’ দিচ্ছেন বলে অভিযোগ আনেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

যদিও বিএনপির ভারপ্রাপ্ত মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওই বক্তব্যে খালেদা জিয়া সেনা হস্তক্ষেপের কথা বোঝাননি।

সেনাকুঞ্জের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সশস্ত্র বাহিনীকে যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষত হস্তক্ষেপের ঊর্ধ্বে রাখা হবে। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে কোনো অবস্থাতেই কোনরূপ দলীয় স্বার্থে ব্যবহৃত হতে দেবে না।”

সশস্ত্র বাহিনীর সদস্যদের গণতান্ত্রিক রীতিনীতিতে উদ্বুদ্ধ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী, যাতে তারা ‘গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং দেশের সংবিধান এবং গণতান্ত্রিক সরকারের প্রতি সম্পূর্ণ অনুগত ও শ্রদ্ধাশীল হয়ে গড়ে ওঠে।’

সশস্ত্র বাহিনীর সকল প্রকার কার্যক্রম ও ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

তিনি সেনাকুঞ্জের অনুষ্ঠানে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌ বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমান বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান এয়ার ভাইস মার্শাল আবু এসরার এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার আবু বেলাল মো. শফিউল হক তাকে স্বাগত জানান।

তিন বাহিনীর প্রধানরা সশস্ত্র বাহিনীর উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন। 

সশস্ত্র বাহিনীর সদস্যদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির কল্যাণে নিয়োজিত হওয়ার পাশাপাশি চেইন অব কমান্ড বজায় রাখার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “প্রচলিত বাহিনীর আইন অনুযায়ী সশস্ত্র বাহিনীর সব স্তরের চেইন অফ কমান্ডকে কোনো প্রকার সংশয় ছাড়াই সচল রাখতে হবে। চেইন অফ কমান্ডকে সূদৃঢ় করার জন্য এবং সশস্ত্র বাহিনীর পেশাগত ও নৈতিক মানদণ্ড রক্ষা করতে যে কোনো প্রস্তাবনা আমরা সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিবেচনা করব।”

“বিশেষ করে সকল জ্যৈষ্ঠ কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে পেশাগত দক্ষতা ও নৈতিকতার মানদণ্ডের নজির স্থাপন করতে হবে। জ্যৈষ্ঠ কর্মকর্তাদের নৈতিকতা, সততা এবং কর্তব্যপরায়ণতার উদাহরণ হিসাবে অধঃস্তনদের সামনে নিজেদের উপস্থাপন করতে হবে। অধঃস্তনদের প্রতি আন্তরিক হতে হবে “

সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন ও অধঃস্তনদের মধ্যে দূরত্ব থাকা কাম্য নয় বলেও তিনি মন্তব্য করেন।

যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী তিন বাহিনীর কর্মকর্তাদের বলেন, “আমাদের সরকার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নিয়েছে। ঠিক এমনি সময়ে একটি অশুভ শক্তি পবিত্র ধর্মকে পূঁজি করে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সক্রিয় হয়ে উঠছে।”

ট্রাইব্যুনালে মামলার রায়ের পর দেশজুড়ে জামায়াতি তাণ্ডবের দিকে ইংগিত করে প্রধানমন্ত্রী বলেন,“গত কয়েক সপ্তাহে আপনারা লক্ষ্য করেছেন যে, কয়েকটি রাজনৈতিক দল যুদ্ধাপরাধীদের বাঁচাতে সমগ্র দেশে হত্যা, ভাংচুর, অগ্নিসংযোগ, পুলিশ ও সংখ্যালঘুদের উপর আক্রমণ করে ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছে।”

কারো নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী বলেন, “তারা বাংলাদেশকে সন্ত্রাসী, জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য মরিয়া হয়ে উঠেছে। জাতির এই সন্ধিক্ষণে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা জঙ্গিবাদী রাষ্ট্র চাই, নাকি গণতান্ত্রিক ও প্রগতিশীল রাষ্ট্র চাই।”

“আমার দৃঢ় বিশ্বাস, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত আমাদের সমাজ তাদের হীন অপচেষ্টাকে অবশ্যই প্রতিহত করবে। কোন অশুভ শক্তি পৃথিবীতে স্থায়িত্ব পায়নি। আমি নিশ্চিত যে, এরাও তা পাবে না।”

একটি ‘প্রতিক্রিয়াশীল ধর্মান্ধ গোষ্ঠী’ আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ‘ইসলাম বিরোধী ’ হিসেবে চিহ্নিত করতে  নানামুখী অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, আওয়ামী লীগ ‘ধর্মভীরু কোমলমতি মানুষের’ সংগঠন। ইসলাম ও বাঙালি মুসলমানদের কল্যাণে সবচেয়ে বেশি কাজ আওয়ামী লীগই করেছে।

এ প্রসঙ্গে বঙ্গবন্ধুর সরকারের সময়ে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা ,ওআইসি শীর্ষ সম্মেলনে যোগদান,  মাদ্রাসা শিক্ষাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া এবং মাদ্রাসা বোর্ড গঠনের মতো বিষয়গুলো মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।

পরে আওয়ামী লীগ সরকারের নেয়া উদ্যোগগুলো তুলে ধরে তিনি বলেন, “আমরা মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন করেছি। ইমাম-মুয়াজ্জিম কল্যাণ ট্রাস্ট গঠন করেছি এবং ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইসলাম প্রচারের ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছি।”

তারপরও একটি ‘স্বার্থানেষী মহল’ সামরিক বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব সৃষ্টি করতে ‘নানামুখী অপপ্রচার’ চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের তিনি বলেন, “একটি স্বার্থান্বেষী গোষ্ঠী দেশকে বিভক্তির দিকে ঠেলে দিতে এবং স্বাধীনতার চেতনাকে ভূলুণ্ঠিত করতে তীব্র অপপ্রচার চালাচ্ছে। আমি তাদের চক্রান্তের বিষয়ে সজাগ থাকার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাই।”

ঐতিহাসিকভাবে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের সঙ্গে সামরিক বাহিনীর সর্ম্পক ‘আত্মিক ও অতি নিবিড়’ বলেও উল্লেখ করেন দলটির সভানেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, “আজকের সুশৃংখল ও আধুনিক সশস্ত্র বাহিনী বঙ্গবন্ধুর দূরদর্শী নীতি ও কর্মসূচির ফসল। ১৯৭৪ সালে জাতির পিতা দেশের জন্য প্রযোজ্য প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করেন।”

১৯৭৫ সালের ৭ নভেম্বর ‘তথাকথিত’ সিপাহী বিপ্লবে একদিনে একজন নারী কর্মকর্তাসহ ২৫ জন সেনা সদস্যকে হত্যার ঘটনা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “সে হত্যাকাণ্ডের কোনো তদন্ত হয়নি, কোনো বিচার হয়নি। সেসব পরিবারের সদস্যদের কোনো সাহায্য সহযোগিতা করা হয়নি; বরং তাদের পরিবারকে নিষ্ঠুরভাবে সেনানিবাসের বাসা থেকে উচ্ছেদ করা হয়েছিল।”

নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেন, “আপনারা জানেন একটি রাজনৈতিক দল কলঙ্কজনক সেই ৭ নভেম্বরকে বিপ্লব ও সংহতি দিবস নামে রাষ্ট্রীয়ভাবে পালন করে থাকে।”

১৯৭৭ সালে একটি অভ্যুত্থানের পর  বিমানবাহিনীর ৫৬২ সদস্যকে হত্যা করা হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এভাবে ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর ১৯ বার ক্যু হয়। শত শত সেনা অফিসার ও সৈনিককে হত্যা করা হয়।”

১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে বিডিআর বিদ্রোহ হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেই ঘটনার বিচার হলে ২০০৫ সালের ২৫ ফেব্রুয়ারির ঘটনা ঘটতো না।

 “১৯৯১ সালের ১ ডিসেম্বর নওগাঁ ব্যাটালিয়নে এবং ৩ ডিসেম্বরে পিলখানায় কতিপয় বিপথগামী বিডিআর সৈনিক বিদ্রোহ করেছিল। বিভিন্ন স্থাপনা, অফিস ও বাসস্থানে আক্রমণ করেছিল । কিন্তু তৎকালীন বিএনপি সরকার বিদ্রোহীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি। বিদ্রোহের জন্য শাস্তির আইনও পরিবর্তন করা হয়নি। বরং তৎকালীন বিডিআর মহাপরিচালককে অপসারণ করা হয়েছিল।”

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯১ সালের বিদ্রোহে অংশগ্রহণকারী অনেক বিডিআর সদস্যই ২০০৯ সালের বিদ্রোহে নেতৃত্ব দেয়।

ভবিষ্যতে সীমান্তরক্ষী বাহিনীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য বিডিআরের নাম বদলে বিজিবি রাখা, বিদ্রোহের জন্য কঠোর শাস্তির বিধান এবং গোয়েন্দা ব্যুরো ও রিজিয়নসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক পরিবর্তনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এসব কিছু করা হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে গঠিত সেনাবাহিনীর তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই।”

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর কাজেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী সেনাবাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে সরকার প্রধান বলেন, “সরকার প্রধান হিসাবে আমি আমার সাধ্যমত এযাবৎ যতটুকু দেওয়া সম্ভব তা দিয়েছি। আগামীতে আরো আধুনিক সশস্ত্র বাহিনীর জন্য যা যা প্রয়োজন তা দিতে আমার দৃঢ় প্রত্যয় আমি পুনর্ব্যক্ত করছি।”

অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, সামরিক সচিব, প্রেস সচিব এবং ঢাকা গ্যারিসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।