২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিক্ষিপ্ত গাড়ি ভাংচুর, আটক ১

বিএনপি কার্যালয় থেকে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে গাজীপুরে বিক্ষিপ্ত গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 04:21 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে চান্দনা চৌরাস্তা এবং এর আশেপাশের এলাকায় পিকেটারেরা ইট-পাটকেল ছুড়ে কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-গাজীপুর সড়কের নলজানী এলাকায় কয়েকটি গাড়ি ভাংচুর করে হরতাল সমর্থকরা।

এ সময় তারা একটি ট্রাক্সিক্যাব ও একটি ইজি বাইকে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাদের ধাওয়া দেয়।

এ সময় সুজন (২২) নামের এক পিকেটারকে দুই বোতল পেট্রোল ও দিয়াশলাইসহ আটক করা হয় বলে জয়দেবপুর থানার এসআই আনোয়ার হোসেন জানান। 

আটক সুজন ময়মনসিংহের হালুয়াঘাট থানার মনিপুরা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

হরতালের দ্বিতীয় দিনে গাজীপুরে অন্যান্য হরতালের দিনের তুলনায় বেশি যানবাহন চলতে দেখা গেছে।

সকাল থেকে দূরপাল্লার কোনো বাস না ছাড়লেও স্থানীয় রুটে বাস-মিনিবাস, টেম্পো ও অটোরিকশা চলাচল করছে।