গাইবান্ধায় যুবক খুন, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মঙ্গলবার রাতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনার জের ধরে বিক্ষুদ্ধ এলাকাবাসী গভীর রাতে ইদিলপুর ইউনিয়নের চকভগবানপুর গ্রামে অপরপক্ষের একটি বাড়িতে অগ্নিসংযোগ এবং ছয়টি বাড়িতে ভাংচুর করেছে বলে জানায় পুলিশ।
নিহত রানা মোল্লা স্থানীয় হেলাল মোল্লার ছেলে।
সাদুল্লাপুর থানার ওসি মজনুর রহমান সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন থেকে একই গ্রামের ইউসুফ আলী মেম্বারের সঙ্গে রানার জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় প্রতিপক্ষ রানার বাড়িতে হামলা চালায়।
বাধা দিলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রানা, তার স্ত্রী স্বপ্না বেগম, ভাই মিজানুর মোল্লা, মামুন মোল্লা ও সাহেবানী বেওয়াকে আহত করে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ৮টার দিকে রানার মৃত্যু হয় বলে জানান ওসি।
তিনি আরো জানান, রানার মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছলে বিক্ষুদ্ধ লোকজন রাত দেড়টার দিকে ইউসুফ মেম্বারের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এবং বকু মোল্লা, ছাদেকুল ইসলাম, আব্দুল মোল্লা, সাহারুল ইসলাম, সাকি মিয়া ও মান্না মোল্লার বাড়ি ভাংচুর করে।
নিহতের ভাই মামুন মোল্লা বাদী হয়ে ৩২ জনকে আসামি করে বুধবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
