থানায় বোমা হামলা, আগুন ট্রেন-গাড়িতে
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালের আগে নাশকতামূলক ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন স্থানে।
রাজশাহীতে থানায় করা হয়েছে বোমা হামলা, ময়মনসিংহে আগুনে পুড়েছে ট্রেনের বগি, বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে বিভিন্ন জেলায়।
রাজধানী ঢাকায় কমপক্ষে নয়টি গাড়িতে আগুন দেয়া হয়েছে। গাজীপুরে পোড়ানো হয়েছে একটি গাড়ি।
নাশকতার এই ঘটনা কারা ঘটিয়েছে, সে বিষয়ে স্পষ্ট হওয়া না গেলেও পুলিশের দাবি, এতে হরতাল সমর্থকরাই জড়িত।
বিএনপি কার্যালয় থেকে আটক নেতাকর্মীদের মুক্তি দাবিতে বুধ ও বৃহস্পতিবার টানা ৩৬ ঘণ্টার হরতাল দিয়েছে ১৮ দল।
ওই হরতালের আগেই মঙ্গলবার স্বাধীনতা দিবসে নাশকতার এসব ঘটনা ঘটল।
গত ১৮ ও ১৯ মার্চের হরতালের আগের দিন শুধু রাজধানীতেই অন্তত ২০টি যানবাহনে আগুন দেয়া হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে নগরীর উপশহরে পুলিশ টহল দেয়ার সময় কয়েকজন যুবক বোমা হামলা করে।
এতে মুনির হোসেন নামে এক কনস্টেবল আহত হন।
তখন সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজের ৫ম বর্ষের দুই ছাত্র মুশফিক জাহান (২৫) ও সেলিম রেজা (২৫) কে গ্রেপ্তার করা হয়।
এরপর রাত ৮টা ২০ মিনিটের দিকে থানার পূর্বপাশের সীমানা প্রাচীরের বাইরে থেকে ভেতরে পাঁচটি হাতবোমা নিক্ষেপ করা হয় বলে ওসি জানান।
এতে ফিরোজ উদ্দিন ও দবির উদ্দিন নামে দুই পুলিশ সদস্য আহত হন। দুর্বৃত্তদের ছোড়া একটি বোমা ফিরোজ উদ্দিনের পেটে এসে সরাসরি আঘাত করে।
বোমা নিক্ষেপের পর দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজশাহীর এই ঘটনার পর রংপুর পুলিশ রেঞ্জের অধীন আট জেলার সব থানা এবং ফাঁড়িতে সতর্কতা জারি করা হয়েছে।
পুলিশের রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক(ডিআইজি) ইকবাল বাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।
ময়মনসিংহ রেলস্টশনের ডকইয়ার্ডে দাঁড়িয়ে থাকা রেলের বগিতে আগুন দেয়ার ঘটনা ঘটে রাত ৮টার দিকে। এতে একটি বগি আগুনে পুড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় দুটি বগি।
ময়মনসিংহ রেল স্টেশন সুপার আবু তাহের ও কোতোয়ালি মডেল থানার ওসি ফজলুল করিম দাবি করেছেন, হরতাল সমর্থকরাই ট্রেনের বগিতে আগুন দিয়েছে।
প্রায় একই সময়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন।
গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে, ২৭ ও ২৮ মার্চের হরতালে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার ছক আঁটা হয়েছে, যেখানে মূলত জামায়াত-শিবিরের কর্মীদেরই বেশি সক্রিয় দেখা যাবে।
গত ৫ ফেব্রুয়ারি দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা এবং ২৮ ফেব্রুয়ারি নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজার রায়ের পর সহিংসতা ব্যাপক রূপ পায়।
২৮ ফেব্রুয়ারির পর বিভিন্ন স্থানে রেল স্টেশন, থানা ও পুলিশ ফাঁড়ি সরকারি অবকাঠামো, আওয়ামী লীগ কার্যালয় ও হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি মন্দিরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়।
সরকারি হিসাবে, এই সহিংসতা ও সংঘর্ষে সারা দেশে পুলিশসহ ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
মঙ্গলবার রাজধানীতে নয়টি গাড়িতে আগুন দেয়া হয়।
এর মধ্যে সায়েন্স ল্যাবরেটরি, মতিঝিল ও মিরপুরে তিনটি বাস, নিউমার্কেট এলাকায় দুটি ট্যাক্সিক্যাব, কারওয়ান বাজারে একটি ট্যাক্সিক্যাব, সেগুন বাগিচায় প্রাইভেটকার, পুরান ঢাকার বাংলাবাজারের কাছে লেগুনা ও ফুলবাড়িয়া আলাউদ্দিন রোডে একট অটোরিকশা পুড়িয়ে দেয়া হয়।
গাজীপুর সদরের চান্দনা উল্কা প্রেক্ষাগৃহের সামনে রাত ৮টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী বাস আগুনে পুড়িয়ে দেয়া হয়।
গাজীপুরে পুড়িয়ে দেয়া হয় এই বাসটি।
গাড়িতে আগুনের ঘটনায় কেউ হতাহত না হলেও ফার্মগেইট ওভারব্রিজের নিচে বাসে আগুন দেয়ার চেষ্টার অভিযোগে চার জনকে আটক করে পুলিশ। বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় আরো ছয়জনকে।
গ্রেপ্তার ১০ জনকে ভাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) রবিউল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তেজগাঁও থানা এলাকার চারজনকে এক বছর, শাহআলী এবং মতিঝিল থানা এলাকার দুজনকে এক বছর করে, মোহাম্মদপুর থানা এলাকার তিনজনকে দুই মাসের এবং মিরপুরে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
(প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন লিটন হায়দার, কামাল তালুকদার, বদরুল হাসান লিটন, জাহাঙ্গীর আলম লিটন, শাহজাদা মিয়া আজাদ, আবুল হোসেন ও রবিউল হাসান ডলার)
