গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন
গাজীপুর সদরে মঙ্গলবার রাতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিযেছেন হরতাল সমর্থকরা।
এতে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী বাস রাত ৮টার দিকে চান্দনা উল্কা সিনেমা হলের পাশে কাউন্টারে দাঁড় করিয়ে যাত্রী তুলছিল।
এ সময় যাত্রীবেশে কয়েকজন হরতাল সমর্থক বাসে উঠে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। মুহুর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ও গাজীপুর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে বাসের আসনসহ ভেতরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
