২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের আগে ৯ গাড়িতে আগুন

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালের আগের দিন স্বাধীনতা দিবসে রাজধানীতে নয়টি গাড়িতে আগুন দেয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 06:42 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

এর মধ্যে সায়েন্স ল্যাবরেটরি, মতিঝিল ও মিরপুরে তিনটি বাস, নিউমার্কেট এলাকায় দুটি ট্যাক্সিক্যাব, কারওয়ান বাজারে একটি ট্যাক্সিক্যাব, সেগুন বাগিচায় প্রাইভেটকার, পুরান ঢাকার বাংলাবাজারের কাছে লেগুনা ও ফুলবাড়িয়া আলাউদ্দিন রোডে একট অটোরিকশা পুড়িয়ে দেয়া হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্সের কাছে বাসে আগুন দেয়ার প্রথম ঘটনাটি ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

পরে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।

এছাড়া বিকাল সাড়ে ৫টার দিকে মিরপুর-১ নম্বরে মুক্ত বাংলা শপিং মলের সামনে নিউ ভিশন এবং সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল শাপলা চত্বরে রাজা সিটি নামে অপর একটি বাসে আগুন দেয়া হয়েছে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরূল ইসলাম জানিয়েছেন।

বেলা ৩টা ও সন্ধ্যায় নিউমার্কেটে দুটি ট্যাক্সিক্যাবে আগুন দেয়ার ঘটনা ঘটে।

রাত সাড়ে ৮টার দিকে কারওয়ান বাজারে একটি ট্যাক্সিক্যাবে এবং রাত সোয়া ১০টার দিকে ‍পুরান ঢাকার ফুলবাড়িয়ার আলাউদ্দিন রোডে একটি অটোরিকশায় আগুন দেয় বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়। দুটি ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জিয়াউদ্দিন জানান, বেলা সাড়ে ৩টার দিকে সেগুনবাগিচা এলাকায় চট্টগ্রাম হোটেলের কাছে দাঁড় করিয়ে রাখা একটি প্রাইভেটকার পুড়িয়ে দেয়া হয়।

রমনা পুলিশের পেট্রোল ইন্সপেক্টর শহীদুল ইসলাম জানান, কয়েকজন যুবক হঠাৎ গাড়ির জানালা দিয়ে পেট্রোল বোমা ছুড়ে দিলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ভেতরে থাকা চালক দ্রুত বেরিয়ে আসায় বেঁচে যান। 

আগুন দিয়েই সেই যুবকেরা এজিবি কলোনির দেয়াল টপকে দ্রুত পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সূত্রাপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৩টার দিকে বাংলাবাজার এলাকায় লেগুনায় আগুন দেয় হরতাল সমর্থকরা। তাৎক্ষণিক আশেপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

এছাড়া ফার্মগেইট ওভারব্রিজের নিচে বেলা ৩টার দিকে বাসে আগুন দেয়ার চেষ্টার অভিযোগে চার জনকে আটক করে পুলিশ।

তেঁজগাও থানার এসআই সেলিম রহমান বলেন, “তারা হরতাল সমর্থক। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

অন্যদিকে পল্টন এলাকা থেকে জামায়াত-শিবির একটি মিছিল বের করার চেষ্টা করলে ওই স্থান থেকে পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম।

সোমবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৮ দলের আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধ ও বৃহস্পতিবার টানা ৩৬ ঘণ্টার হরতাল ঘোষণা করেন।

এর আগে ১৮ ও ১৯ তারিখে টানা ৩৬ ঘণ্টা হরতালের আগের দিন রাজধানীতে প্রায় ২০টি যানবাহনে আগুন দেয়া হয়।

পুরনো খবর:

২৭-২৮ মার্চ হরতাল