২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭-২৮ মার্চ হরতাল

আটক নেতা-কর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে আগামী ২৭ ও ২৮ মার্চ ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 10:27 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

সোমবার বিকালে ১৮ দলীয় জোটের মহাসচিবদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

নয়া পল্টনে বিএনপি কার্যালয় থেকে আটক দেড় শতাধিক নেতা-কর্মীদের মুক্তি দাবিতে এর আগে ১৮ ও ১৯ মার্চ হরতাল ডেকেছিল ১৮ দল।

Image
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ওই নেতা-কর্মীদের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে করা মামলায় অভিযোগপত্র দেয়ার একদিন পর দুদিনের হরতালের ঘোষণা এল।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোববার বগুড়া ও জয়পুরহাটে জনসভায় নতুন কর্মসূচি দেয়ার কথা বলেছিলেন।

সরকার হটানোর ঘোষণা দিয়ে তিনি বলেছিলেন, “আপনারা অনেক কষ্ট করেছেন। আরো কিছুদিন কষ্ট করতে হবে। আগামীকাল (সোমবার) বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

হরতাল ডাকার কারণ ব্যাখ্যা করে ফখরুল বলেন, “আমরা আশা করেছিলাম, সরকারে বোধদয় ও শুভবুদ্ধির উদয় হবে। তারা আটক নেতা-কর্মীদের মুক্তি দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার করে নেবে, গণহত্যা বন্ধ করবে।

“কিন্তু তারা আটক নেতা-কর্মীদের বিরুদ্ধে রিমান্ডে থাকা অবস্থায় অভিযোগপত্র দিয়েছে। এটা নজিরবিহীন ঘটনা।”

“এই কারণে আমরা আটক নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি, সারাদেশে সরকারের নির্দেশে গণহত্যা বন্ধ, ব্যর্থ ও অযোগ্য সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে দাবিতে আগামী ২৭ ও ২৮ মার্চ দেশব্যাপী লাগাতার হরতালের কর্মসূচি ঘোষণা করেছি,” বলেন তিনি।

২৭ মার্চ ভোর ৬টা থেকে শুরু করে ২৮ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হরতাল চলবে বলে জানানো হয়েছে।

দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব রাখে বলে হরতালের মতো কর্মসূচি বাদ দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছে ব্যবসায়ী সংগঠনগুলো।

গত ১১ মার্চ বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে বোমা পাওয়ার কথা জানায় পুলিশ।

সেদিন গ্রেপ্তার করা হয় দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, মো. শাহজাহান, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকসহ দেড় শতাধিক নেতা-কর্মীকে।

কার্যালয় থেকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল, সহসভাপতি সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে সেদিন আটক করলেও পরদিন ছেড়ে দেয়া হয়।

বাকিদের বিরুদ্ধে দুটি মামলা করে পুলিশ। তাদের ২০ মার্চের মধ্যে মুক্তির সময়সীমা বেঁধে দিয়ে ১৮ ও ১৯ মার্চ সারাদেশে হরতাল ডাকে ১৮ দল, যে কর্মসূচিতে বিক্ষিপ্ত বোমাবাজি ও গাড়ি পোড়ানোর ঘটনা ঘটে।

এরপর ২৪ মার্চ একটি মামলায় পুলিশ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অনেককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। 

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।

জামায়াতে ইসলামীর ডা. রেদোয়ান উল্লাহ সাহেদী, ইসলামী ঐক্যজোটের মুফতি ফয়জুল্লাহ, এলডিপির রেদোয়ান আহমেদ, বিজেপির খন্দকার সিরাজুল ইসলাম, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির হামদুল্লাহ আল মেহেদি, এনডিপির আলমগীর মজুমদার, ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া, ইসলামিক পার্টির আবদুর রশীদ প্রধান, কল্যাণ পার্টির আবদুল মালেক চৌধুরী, মুসলিম লীগের আতিকুল ইসলাম, জাগপার আসাদুর রহমান খান, খেলাফত মজলিশের শফিক উদ্দিনও উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

হরতাল প্রত্যাখ্যানের আহ্বান আওয়ামী লীগের