হরতাল প্রত্যাখ্যানের আহ্বান আওয়ামী লীগের
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতাল প্রত্যাখ্যানের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
দলীয় কার্যালয় থেকে আটক দেড় শতাধিক নেতা-কর্মীর মুক্তি দাবিতে ১৮ দল হরতালের ডাক দেয়ার ঘণ্টাখানেকের মধ্যে সোমবার এই আহ্বান জানানো হয়।
ধানমণ্ডির কার্যালয়ে এক বৈঠকের পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম হরতালকে ‘কষ্টদায়ক ও যন্ত্রনাদায়ক’ কর্মসূচি আখ্যায়িত করে সাংবাদিকদের বলেন, “তারা আবার সে হরতাল ডেকেছে।”
হরতালের সমালোচনা করে সরকারি দলের নেতাদের বক্তব্যের জবাবে বিএনপি নেতারা বিরোধী দলে থাকাকালে আওয়ামী লীগের হরতাল ডাকার কথা বলে আসছেন।
এদিকে হরতাল কর্মসূচি বাদ দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছে ব্যবসায়ী মহল।
যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে যারা ‘দেশে নৈরাজ্যকর পরিস্থিতি’ সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান নাসিম।
সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী প্রশাসনের উদ্দেশে বলেন, “জনগণ আপনাদের সাথে আছে।”
‘দেশে কোনো বিশৃঙ্খলা হলে সেনাবাহিনী বসে থাকবে না’- রোববার বগুড়ার জনসভায় দেয়া খালেদা জিয়ার এ বক্তব্যের সমালোচনাও করেন নাসিম।
“খালেদা গণতন্ত্র ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। একজন রাজনৈতিক ব্যক্তি, যিনি দুই বার প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি কখনোই একটি প্রতিষ্ঠান নিয়ে এ ধরনের কথা বলতে পারেন না।”
খালেদা জিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া উচিত বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতা।
তিনি আরো বলেন, “খালেদা বগুড়ার এ বক্তব্যে মাধ্যমে প্রমাণ করেছেন, তিনি নির্বাচন চান না।”
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসিম।
ওই সভায় ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, জাসদের শরিফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মল্লিক, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, কমিউনিষ্ট কেন্দ্রের অসিত বরণ রায়, গণ আজাদী লীগের হাজী আব্দুস সামাদ, ন্যাপের ইসমাইল হোসেন, গণতান্ত্রিক মজদুর পার্টির জাকির হোসন প্রমুখ।
