সীতাকুণ্ডে শিবিরের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ আহত
জামায়াতের ডাকা হরতালে চট্টগ্রামের সীতাকুণ্ডে ছাত্র শিবিরের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার উপজেলার সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় এ সংঘর্ষে আহতরা হলেন- কনস্টেবল মো. ইব্রাহীম (২৫), মো. জামাল (২৫) ও মো. মোমেন (২৬)।
সীতাকুণ্ড থানার এসআই তাপস চন্দ্র মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা দেড়টার দিকে হরতালের সমর্থনে শিবির কর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং তাদের উপর হামলা চালায়। এতে আহত হন ওই তিন পুলিশ সদস্য।
আহতদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ পাঁচ শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানান এসআই তাপস।
এদিকে পৌর সদর এলাকার উত্তর বাইপাস এলাকায় দুটি কাভার্ড ভ্যানে আগুন দেয় শিবির কর্মীরা। এছাড়া বিকালেও তারা একটি কাভার্ড ভ্যানে আগুন দেয়ার চেষ্টা চালায় বলে জানায় পুলিশ।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে তিনটার দিকে আহত পুলিশ সদস্যদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে জামালের হাত ভেঙ্গে গেছে।
জামায়াতে ইসলামীর চট্টগ্রাম নগর কমিটির নায়েবে আমীর শাহজাহান চৌধুরীর ভাগ্নে ও ছাত্রশিবির কর্মী মাঈনুদ্দীন হাসান মুন্নার মৃত্যুতে সোমবার বৃহত্তর চট্টগ্রামে হরতালের ডাক দেয়া হয়। পরে ১৮ দলীয় জোট তাতে সমর্থন দেয়।
