২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ৬ শিশুকে নিয়ে গেছে বিএসএফ

ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্ত থেকে থেকে ছয়টি শিশুকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 06:12 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

শনিবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে ঘটনার সত্যতা স্বীকার করা হয়।

বিএসএফের আটক করা শিশুরা হল, শিমুল (৮), সোহেল (৮), নয়ন (৮), বাবু (৮), নাজমা আক্তার (৯) ও সালমা আক্তারকে (৫)।

এলাকাবাসি ও শিশুদের অভিভাবকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, বৃহস্পতিবার বিকালে ভারতীয় সীমান্তবর্তী উত্তর বাউরখুমা এলাকার একটি বাগানে শিশুরা খেলা করছিল। ওই সময় ২১৬০/৫ নম্বর পিলারের কাছ থেকে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।

এলাকাবাসী বিলোনিয়ার মজুমদারহাট বিজিবি কোম্পানি সদরে বিষয়টি জানায়।

মজুমদারহাট বিজিবির কোম্পারি কমান্ডার সুবেদার রুহুল আমিন জানান, শনিবার বিকেল পর্যন্ত অনেক চেষ্টা করেও ওই শিশুদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

“দুদেশের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিএসএফ শিশুদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে জানিয়েছে, শিশুদের তারা পুলিশের হাতে সোপর্দ করেছে।”

ফেনী-১৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৌরভ হোসেন বলেন, “শুক্র ও শনিবার বাংলাদেশের ছুটি এবং শনি ও রোববার ভারতে ছুটি হওয়ায় শিশুদের আনতে বিলম্ব হচ্ছে। সোমবার আদালতে তোলার পর তাদের ফেরত দেয়া হবে বলে বিএসএফ আশ্বাস দিয়েছে।” 

বর্তমানে ওই ছয় শিশু আগরতলা উদয়পুর শিশু নিবাসে রয়েছে।