টর্নেডোতে আহত শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোতে আহত আরো এক শিশু শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে সাবিহা নামে নয় মাসের একটি শিশু মাথায় অস্ত্রোপচারের পর মারা যায়।
নিহত শিশুটির বাবা জসিম উদ্দিন ও মা জামিলা খাতুন ওই জেলার চিনাইর গ্রামের চৌধুরী বাড়ির বাসিন্দা।
ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোর কবলে পড়ে আহত মোট ১৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
শুক্রবার বিকাল ৫টার দিকে জেলার সদর, আখাউড়া ও বিজয়নগর উপজেলার কয়েকটি গ্রাম টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায়।
টর্নেডোর আঘাতে ওইদিন শিশুসহ মোট ২০ নিহত হয়েছেন বলে জানিয়েছিলেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার।
