২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরাগ অপহরণ মামলায় অভিযোগপত্র দাখিল

ঢাকার কেরাণীগঞ্জের স্কুলছাত্র পরাগ অপহরণ মামলায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2013, 10:05 AM

Updated : 25 Apr 2022, 06:31 PM

হাই কোর্টের নির্দেশে গ্রেপ্তার বর্তমানে কারাগারে থাকা আসামি শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জুয়েল মোল্লাসহ তিনজনকে অভিযোগপত্র থেকে বাদ দেয়া হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের পরিদর্শক মো. আসাদুজ্জামানের কাছে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।

রোববার অভিযোগপত্রটি বিচারিক হাকিম ওয়াসিম শেখের কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আনোয়ারুল কবীর বাবুল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার প্রধান আসামি হিসেবে মুক্তার হোসেন আমিরসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে।

এ মামলার বিচার হবে ঢাকার এক নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে।

অন্য অভিযুক্তদের মদ্যে কারাগারে রায়েছেন আলামিন, জাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী রিফাত, কালাচান, মামুন মিয়া, বিউটি আক্তার, শাকিল ও আবুল কাশেম। এছাড়া পলাতক রয়েছেন আকাশ, সুলতান ও ওয়াসিম।

অভিযোগপত্র থেকে বাদ দেয়া অপর দুজন হলেন রিজভী আহমেদ অনিক ও আলফাজ হোসেন। এরাও এ মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন।

জুয়েল মোল্লাকে অব্যাহতি দেয়া বিষয়ে পিপি আনোয়ারুল কবীর বাবুল বলেন, মামলা হলেও জুয়েলের বিরুদ্ধে পরাগের বাবা বিমল মণ্ডল কোনো সাক্ষ্য দেননি।তাছাড়া মামলার তদন্ত কর্মকর্তাও অপহরণের সঙ্গে জুয়েলের সংশ্লিষ্টতার প্রমাণ পাননি।

জুয়েল মোল্লাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।নির্দেশ অনুযায়ী গত ২২ নভেম্বর শুভাঢ্যা পূর্বপাড়া থেকে জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগপত্রে বলা হয়, মুক্তিপণ আদায়ের জন্য অভিযুক্তরা গত বছরের ১১ নভেম্বর ৬ বছরের শিশু পরাগ মণ্ডলকে তার মায়ের কোল থেকে অপহরণ করে। এর মূল পরিকল্পনাকারী ছিল মুক্তার হোসেন আমির।

ওইদিন সকাল সোয়া ৭টায় স্কুলে যাওয়ার জন্য কেরাণীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়ার বাসার সামনে থেকে নিজেদের প্রাইভেটকারে ওঠার সময় মা লিপি মণ্ডল, বোন পিনাকী মণ্ডল এবং তাদের গাড়িচালক নজরুলকে গুলি করে পরাগকে অপহরণ করে দুর্বৃত্তরা।পরাগ সদরঘাটের হিড ইন্টারন্যাশনাল স্কুলের কেজি ওয়ানের ছাত্র।

অপহরণের ৪৮ ঘণ্টা পর কেরাণীগঞ্জের আঁটিবাজার এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

অভিযোগপত্রে ৪৮ জনকে সাক্ষী করা হয়েছে। আলামত দেখানো হয়েছে ১৭টি।

এগুলোর মধ্যে রয়েছে মোটরসাইকেল, পিস্তল ও পিস্তলের গুলি।