চাঁদপুরে ট্রলারডুবি: ৩ গরু ব্যবসায়ী নিখোঁজ
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে গেছে একটি ট্রলার। নিখোঁজ রয়েছে এর আরোহী তিন গরু ব্যবসায়ী।
শুক্রবার রাতে ঝড়ের কবলে পড়ে উপজেলার গাজীপুর-ঈশানবালা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা সংলগ্ন নদীতে ট্রলারট ডুবে যায় বলে পুলিশ জানিয়েছে।
নিখোঁজ ব্যবসায়ীরা হলেন- হাইমচর উপজেলার দক্ষিণ আলগী এলাকার কালু আখন (৪০), বিষকাটালী এলাকার আসমান রাঢ়ি (৬০) ও ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া এলাকার আব্দুর রব (৪৫)।
ট্রলারে থাকা ২৫টি গরু ও ১৫টি ছাগলও ডুবে যায়।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আকস্মিক ঝড়ে শরীয়তপুর থেকে হাইমচরগামী ট্রলারটি ডুবে যায়।
খবর পেয়ে শনিবার সকালে হাইমচর থানা পুলিশ ট্রলার ও নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করে।
তবে পানির গভীরতা বেশি এবং উদ্ধারযান না থাকায় অভিযানে সমস্যা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।
