২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতাকা নামানোর দর্শনীয় আয়োজন হচ্ছে সীমান্তে

বেনাপোল-পেট্রাপোল সীমান্তে সাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দেশের জাতীয় পতাকা নামাবে বিজিবি ও বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নয়া দিল্লি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2013, 06:07 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

দুই দেশের সম্পর্ক উন্নয়ন, জনগণের মধ্যে ভ্রাতৃত্ব বাড়ানো এবং দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে সৌহার্দ্য বাড়াতে এ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়েছে নয়া দিল্লিতে বিজিবি ও বিএসএফ এর সীমান্ত সমন্বয় সম্মেলনে।

প্রতি সন্ধ্যায় ভারত-পাকিস্তানের ওয়াগা-আত্তারি সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর সদস্যরা একযোগে আনুষ্ঠানিকভাবে তাদের জাতীয় পতাকা নামায় যা দর্শনীয় অনুষ্ঠান হিসেবে নাম কুড়িয়েছে।

অনেকটা তারই আদলে এবার সীমান্তে ‘জয়েন্ট রিট্রিট সেরিমনি’ অনুষ্ঠানে দেশের পতাকা নামাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স অফ ইন্ডিয়ার (বিএসএফ) সদস্যরা।

এক মাসের মধ্যে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে এ অনুষ্ঠান শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। এর বাইরে চ্যাংড়াবান্ধা-বুড়িমারি ও ফুলবাড়ি-বাংলাবান্ধা সীমান্তের পাশাপাশি আখাউড়া তল্লাশি চৌকিতেও একই ধরনের অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিজিবি-বিএসএফ।

নয়া দিল্লিতে বিজিবি ও বিএসএফের ৩৭তম সীমান্ত সমন্বয় সম্মেলনে এ সিদ্ধান্ত হয়। সম্মেলনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধি দলে বিজিবির সব আঞ্চলিক কমান্ডার ও বিজিবির সদর দপ্তরের স্টাফ অফিসার ছাড়াও স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ভূমি মন্ত্রণালয় ও নয়া দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। অন্যদিকে বিএসএফ মহাপরিচালক সুভাষ যোশী ভারতের ২৫ সদস্যদের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

শুক্রবার সম্মেলন শেষে নয়া দিল্লিতে বিএসএফ এর সদরদপ্তরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিজিবি ও বিএসএফ প্রধান।

তারা বলেন, সীমান্তে যৌথ রিট্রিট সেরিমনি অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ হয়েছে এবং প্রয়োজনীয় অবকাঠামোও গড়ে তোলা হয়েছে।

ওয়াগা-আত্তারি সীমান্তে বিএসএফ ও পাকিস্তান রেঞ্জার্সের সদস্যদের ‘জয়েন্ট রিট্রিট সেরিমনি’ অনুষ্ঠান উপভোগ করতে প্রতি সন্ধ্যায় সেখানে সমবেত হন অনেক মানুষ। সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে শুরু হয়ে দুই দেশের জাতীয় পতাকা নামানোর মধ্য দিয়ে এ অনুষ্ঠান শেষ হয়।

কয়েক বছর আগেও ভারত-পাকিস্তানের জটিল সম্পর্কের প্রতিফলন ঘটতো সীমান্তে রিট্রিট অনুষ্ঠানে। সেখানে দেখা যেত সেনাদের যুদ্ধংদেহী মনোভাবের বহিঃপ্রকাশ, অবশ্য সম্প্রতি সেই মনোভাবের প্রকাশ কিছুটা নমনীয় হয়েছে।

তবে বিজিবি ও বিএসএফ প্রধান বলেছেন, সীমান্তে ভারত-বাংলাদেশের যৌথ রিট্রিট সেরিমনিতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটবে, সেখানে কোনো আগ্রাসী মনোভাবের প্রকাশ থাকবে না।  

উভয় দেশের সীমান্তরক্ষা বাহিনীর সদস্যদের বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচিতে সহায়তা দিতেও সম্মত হয়েছেন দুই দেশের সীমান রক্ষা বাহিনীর প্রধানরা।

গত ১৮ মার্চ বিজিবি-বিএসএফ এর মধ্যে অনুষ্ঠিত ‘মৈত্রী’ ভলিবল ম্যাচের মতো আরো খেলাধুলার আয়োজন করতেও সম্মত হন তারা।

এছাড়া বিজিবি-বিএসএফ সদস্যদের অংশগ্রহণে শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠানের পাশাপাশি পরস্পরের প্রতি চিকিৎসা সেবা দেয়ার বিষয়েও মতৈক্য হয় ওই সম্মেলনে।