সরাইলে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত
কলেজছাত্রীকে যৌন হয়রানি করায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে।
শুক্রবার দুপুরে এ সংঘর্ষে আহতদের মধ্যে ১০ জনকে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষ থামাতে সরাইল থানা পুলিশ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া থেকে অতিরিক্ত পুলিশ আসতে হয়। শতাধিক রাউন্ড শর্টগান এবং টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল থেকে পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহ আলম বকাউল বলেন, বৃহস্পতিবার বিকালে নিজ-সরাইল গ্রামের এক কলেজছাত্রীকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে পাশের উচালিয়া পাড়া গ্রামের কয়েকজন বখাটে যুবক উত্ত্যক্ত করে।
এর জের ধরে শুক্রবার দুপুরে দুই গ্রামের কযেকশ’ লোক দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে সরাইল থানা পুলিশ এবং ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে বিপুল টিয়ারশেল এবং শটগানের গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছেন সাজিদ মিয়া, সোহাগ মিয়া, মতিউর রহমান, রায়হান মিয়া ও রফিক মিয়াসহ ১০ জন।
