চিরনিদ্রায় রাষ্ট্রপতি জিল্লুর রহমান
অভিভাবক হারানোর বেদনা নিয়ে বাংলাদেশের উনিশতম রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে চিরবিদায় জানালো জাতি।
শুক্রবার বিকাল ৪টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় জিল্লুর রহমানকে। এর আগে সকালে নিজের জন্মস্থান কিশোরগঞ্জের ভৈরবে প্রথম ও দুপুরে জাতীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা হয় তার।
তার জানাজায় শরিক হন সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পাশাপাশি তার জন্য প্রার্থনায় যোগ দেন বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মানুষ।
বুধবার বিকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান ৮৪ বছর বয়সী জিল্লুর রহমান। পরদিন দুপুরে শহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে রাষ্ট্রীয় অভিবাদন জানানো হয় তার প্রতি।
বিমানবন্দর থেকে শোকযাত্রা করে মরদেহ নেয়া হয় বঙ্গভবনে। সেখানে অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের মন্ত্রী-কর্মকর্তা ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতিকে।
শুক্রবার সকালে হেলিকপ্টারে করে জন্মস্থান কিশোরগঞ্জের ভৈরবে নেয়া হয় জিল্লুর রহমানের মরদেহ। সেখানে জিল্লুর রহমানের প্রথম জানাজা হয়। জুমার নামাজের পর জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতির দ্বিতীয় জানাজায় অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মানুষ।
জানাজা শেষে ফুলে ফুলে সাজানো সেনাবাহিনীর একটি পিকআপে রাষ্ট্রপতির মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। পথে গুলশানে জিল্লুর রহমানের নিজের বাড়ি ‘আইভিস লিগেসি’তে কিছু সময় রাখা হয় তার কফিন।
বিকাল সাড়ে ৩টায় রাষ্ট্রপতির মরদেহ বনানী কবরস্থানে পৌঁছালে মেজর জেনারেল বা তদোর্ধ্ব পদমর্যাদার দশজন সেনা কর্মকর্তা কফিন বয়ে নিয়ে যান কবরের পাশে।
অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদসহ মন্ত্রিসভার সদস্য এবং জিল্লুর রহমানের পরিবারের সদস্যদের উপস্থিতিতে রাষ্ট্রপতির সংক্ষিপ্ত জীবনী পড়ে শোনান একজন সেনা কর্মকর্তা। মরদেহ কবরে নামানোর আগে দুই মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সামরিক কায়দায় স্যালুট জানানো হয় রাষ্ট্রপতিকে।
ধর্মীয় রীতি মেনে মরদেহ কবরে নামানোর সময় সেনাবাহিনীর গোলন্দাজ দল ২১ বার তোপধ্বনি করে গান স্যালুট প্রদান করে। রাষ্ট্রপতির ছেলে সাংসদ নাজমুল হাসান ও পরিবারের সদস্যরা জিল্লুর রহমানের মরদেহ কবরে শোয়ানোর পর তা মাটি দিয়ে ঢেকে দেয়া হয়।
২০০৪ সালে গ্রেনেড হামলায় নিহত স্ত্রী আইভি রহমানের কবরেই চিরনিদ্রায় শায়িত হন বাংলাদেশের রাজনীতির নানা উত্থান পতনের সাক্ষী এই প্রবীণ রাজনীতিবিদ।
দাফনের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। প্রথমে অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন রাষ্ট্রপতির সমাধিতে পুষ্পস্তক অর্পণ করেন।
এরপর আওয়ামী লীগের পক্ষে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব, বিমানবাহিনীর প্রধানের পক্ষে সহকারী বিমান বাহিনী প্রধান, কূটনৈতিক কোরের ডিন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, ডেপুটি স্পিকার, স্বরাষ্ট্র ও পরারাষ্ট্র মন্ত্রী এবং কয়েকটি দেশের রাষ্ট্রদূতের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়।
প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের মরণোত্তর সালাম ও সশস্ত্র বাহিনীর স্যালুটের পর প্রয়াতের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। সবশেষে অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ রাষ্ট্রীয় সম্মানের স্বীকৃতি হিসেবে জিল্লুর রহমানের স্বজনদের কাছে জাতীয় পতাকা হস্তান্তর করেন।
১৯২৯ সালের ৯ মার্চ, ভৈরবে জন্ম নেয়া জিল্লুর রহমান ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠার দিন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করা এই রাজনীতিক দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে থেকেছেন সামনের সারিতে। একাত্তরের মুক্তিযুদ্ধেও ছিল তার বলিষ্ঠ ভূমিকা।
কিশোরগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। এরপর কয়েক দফায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলির সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি।
২০০৮ সালের নবম সংসদ নির্বাচনসহ '৭৩, '৮৬, '৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুলিয়ারচর-ভৈরব আসন থেকে জিল্লুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তারের সময় শেখ হাসিনা দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব জিল্লুর রহমানকে দেন। আর নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠনের পর ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির দায়িত্ব নেন তিনি।
জিল্লুর রহমানের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে বৃহস্পতিবার থেকে। অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ।
শনিবার বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কুলখানি হবে।
