শোকের দিনে এক কাতারে শামিল সবাই
অশ্রুনয়নে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে জাতি, যাকে সবাই অভিভাবক মানতেন।
দল-মতের বিভেদ ভুলে এক কাতারে মিলিত হয়ে বৃহস্পতিবার তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
রাষ্ট্রপতির মৃত্যুতে সকাল থেকে সারা দেশে শুরু হয় তিন দিনের জাতীয় শোক পালন। এরই অংশ হিসাবে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়।
প্রয়াত রাষ্ট্রপতির সম্মানে সব সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বিএনপি। পেছানো হয়েছে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সফরও।
দুপুরে শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতির মরদেহ রাখা হয়েছে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে।
শুক্রবার সকালে হেলিকপ্টারে করে মরদেহ নেয়া হবে জিল্লুর রহমানের এলাকা কিশোরগঞ্জের ভৈরবে। সেখানে একটি জানাজা হবে।
দুপুর সাড়ে ১২টায় মরদেহ পুনরায় আনা হবে বঙ্গভবনে, সেখানে শ্রদ্ধা জানাবেন কূটনীতিকরা।
বেলা আড়াইটায় জাতীয় ঈদগাহে জানাজার পর বিকাল ৪টায় বনানী কবরস্থানে সমাহিত করা হবে রাষ্ট্রপতিকে।
বেশ কিছু দিন রোগে ভুগে জিল্লুর রহমান বুধবার বিকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
দেশে শেষ ফেরা
বেলা ১২টার পর বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে রাষ্ট্রপতির মরদেহ সিঙ্গাপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
রাষ্ট্রপতির ছেলে সংসদ সদস্য নাজমুল হাসান ও পরিবারের অন্য সদস্যরাও একই বিমানে দেশে ফেরেন।
বিমানবন্দরে ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা ও তিন বাহিনীর প্রধান।
জাতীয় পতাকায় মোড়ানো রাষ্ট্রপতির কফিন বিমান থেকে নামানোর পর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল জিল্লুর রহমানের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানায়।
লেফটেন্যান্ট জেনারেল আশরাফ আবদুল্লাহ ইউসুফের নেতৃত্বে দশজন সেনা কমকর্তা লাল গালিচার ওপর দিয়ে জাতীয় পতাকায় মোড়ানো কফিনিটি নিয়ে যান অস্থায়ী শোক বেদীতে। সেখানেই রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপতির মরদেহ নিয়ে বঙ্গভবনের পথে মটর শোভাযাত্রার ছবিটি রাজধানীর খিলক্ষেত থেকে তোলা।
সেনাবাহিনীর একটি পিকআপে ছিল কফিন, যার আগে ও পরে ছিল সেনা সদস্যদের মটর শোভাযাত্রা। সাদা-লাল ফুলে সাজানো রাষ্ট্রপতির কফিন বহনকারী গাড়ির পেছনের অংশ ছিল জাতীয় পতাকায় ঢাকা।
বিমানবন্দর থেকে বঙ্গভবনের পথে নানা বয়সী হাজারো মানুষকে শোক আর শ্রদ্ধাভরে কালো পতাকা হাতে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কারো কারো হাতে দেখা যায় শোকবাণী লেখা প্ল্যাকার্ড।
চেনা বঙ্গভবনে অচেনা রূপে
বেলা ১টা ৪মিনিটে বঙ্গভবনে পৌঁছায় জিল্লুর রহমানের মরদেহ। মেজর জেনারেল ও তদোর্ধ্ব পদ মর্যাদার দশজন সেনা কমকর্তা লাল গালিচার ওপর দিয়ে জাতীয় পতাকায় মোড়ানো কফিনটি নিয়ে যান বঙ্গভবনের উত্তর অংশের শোক বেদীতে। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর।
সেখানে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি সশস্ত্র সালাম জানানো হয়। এ সময় সেনা নৌ ও বিমানবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা বেদীর বাম পাশে এবং মন্ত্রিসভার সদস্য, রাষ্ট্রপতির পরিবারের সদস্য, আওয়ামী লীগ নেতা ও শীর্ষ রাজনীতিকরা বেদীর বাম দিকে অবস্থান নেন।
এ সময় জাতীয় পতাকা, রাষ্ট্রপতির পতাকা, সশস্ত্র বাহিনী বিভাগের পতাকা এবং তিন বাহিনীর পতাকা হাতে মাঝে দাঁড়ানো ছিল সশস্ত্র বাহিনীর একটি দল।
গার্ড অব অনারের পর অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ ফুল দিয়ে রাষ্ট্রপতির প্রতি শেষ শ্রদ্ধা জানান। তারপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর একে একে ডেপুটি স্পিকার শওকত আলীর পক্ষে চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের ডিন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের হেলাল মোরশেদ খান রাষ্ট্রপতির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সেখান থেকে কফিন নিয়ে যাওয়া হয় বঙ্গভবনের দরবার হলে। সেখানে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনাসহ বিভিন্ন দেশের কূটনীতিক এবং বিশিষ্টজনেরা রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানান।
রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানাতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি প্রধান বিরোধী দল বিএনপিসহ অন্য দলের নেতারাও বঙ্গভবনে যান।
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের পরিবারের সদস্যদের সমবেদনা জানান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
এইচ এম এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির নেতারা রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। জিএম কাদের, রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন বাবলুসহ দলের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বঙ্গভবনে যান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা পরিষদের সদস্য মনজুরুল আহসান খান, সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
‘একজন ভালো মানুষকে শেষ শ্রদ্ধা জানালাম’
বেলা আড়াইটার পর বঙ্গভবনের ফটক খুলে দেয়া হয় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য। নিরাপত্তা নিয়ে বিশেষ কোনো কড়াকড়ি না থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতিকে।
কেউ কেউ হাতে নিয়ে আসেন ফুল, কারো হাতে ফুলের ডালা, অনেকেই আসেন শোকের ব্যানার নিয়ে দলগতভাবে। সবার চোখে মুখেই ছিল বেদনার ছাপ।
রাষ্ট্রপতির মরদহে বিমানবন্দরে নামার আগেই বৃহস্পতিবার সকাল থেকে বঙ্গভবনের আশেপাশে অবস্থান নেন হাজার হাজার মানুষ। গেইট খুলে দেয়ার পর লাইনে দাঁড়িয়ে তারা ঢুকে পড়েন বঙ্গভবনে।
বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা দলগতভাবে রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন ব্যানার নিয়ে। বিশিষ্টজনরা ব্যক্তিগতভাবে ফুল দিয়ে রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বিকাল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। পুরো সময়ই সেখানে বসে ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা। রাষ্ট্রপতির পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।
প্রবীণ আইনজীবী রফিক-উল হকও অনেকটা সময় দরবার হলে অবস্থান করেন।
বঙ্গভবনে ঢুকে রাষ্ট্রপতিকে শেষবারের মতো এক নজর দেখার সুযোগ পেয়ে আবেগ ঝরে অনেকের কণ্ঠেই। তবে সময় সল্পতায় অনেকেই রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানাতে না পারলেও বঙ্গভবনের প্রধান ফটকের বাইরে তারা শান্তিপূর্ণ অবস্থান করেন।
রাষ্ট্রপতিকে শেষবারের মত দেখে রিকশা চালক জাবেদ আলী বলেন, “আমার জীবনে এটা পরম পাওয়া। রাষ্ট্রপতিকে আমি শ্রদ্ধা জানাতে পেরেছি। আল্লাহ তার বেহেস্ত নসিব করুক।”
বঙ্গভবনে শোকে বিহ্বল রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের পরিবারের সদস্যরা।
নুরল ইসলাম ফুটপাতে কাপড়ের ব্যবসা করেন। শ্রদ্ধেয় নেতাকে শেষবার দেখতে তিনিও এসেছিলেন বঙ্গভবনে।
“একজন ভালা মানুষকে শেষবারের মতো দেখার সুযোগ পেলাম। আমার জীবনে এটা স্মরণীয় হয়ে থাকবে।”
বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “আমাদের চেয়ারপার্সন শ্রদ্ধা জানিয়েছেন। উনি বলেছেন, একজন বিজ্ঞ, প্রজ্ঞাবান রাজনীতিবীদ চলে গেলেন। এতে দেশের রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।”
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জিল্লুর রহমানের মৃত্যুতে জাতি অভিভাবকহীন হয়ে পড়ল।
সিপিবি সভাপতি মুজহিদুল ইসলাম সেলিম বলেন, “আমি গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে বড় ধরনের শূন্যতা সৃষ্টি হল। শুধু সমসাময়িক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে নয়, রাষ্ট্রীয় ভূমিকাতেও তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন।”
জিল্লুর রহমানের মৃত্যুতে শূন্যতার কথা উঠেছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনার কণ্ঠেও।
তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরে মজিনা বলেন, “তার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো। আমিও অভিভাবক হারালাম।”
বিমানবন্দর থেকে বঙ্গভবনের শ্রদ্ধা নিবেদন- সবই চলে সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে। তবে হাজারো মানুষের চাপ সামলাতে হিমশিম খেতে দেখা যায় নিরাপত্তাকর্মীদের।
