বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে জাতীয় শোক পালনের অংশ হিসাবে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
রাষ্ট্রপতির মৃত্যুতে শোক পালনে সচিবালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, জরুরি সেবা কার্যক্রম বাদে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত ছুটি ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হবে তাৎক্ষণিকভাবে।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান ৮৪ বছর বয়সী মো. জিল্লুর রহমান।
তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত হয় বুধবার রাতেই। সে অনুযায়ী বৃহস্পতিবার সব সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
রাষ্ট্রপতির মৃত্যুতে মন্ত্রিসভার জরুরি এই বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সভাপতিত্বে বৈঠকে তিন দিনের রাষ্ট্রীয় শোকসহ রাষ্ট্রপতির মৃত্যুতে নেয়া অন্যান্য কর্মসূচিতে অনুসমর্থন দেয় মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। পরে সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাব গৃহীত হয়।
শোক প্রস্তাবে বলা হয়, মো. জিল্লুর রহমানের মৃত্যুতে একটি সংগ্রামী অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হলো।
সচিব জানান, বিমানবন্দরে রাষ্ট্রপতির মরদেহ গ্রহণ, মোটর শোভাযাত্রা করে কফিন বঙ্গভবনে নেয়া এবং তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত হয় মন্ত্রিসভার বৈঠকে।
রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রথম জানাজা হবে শুক্রবার সকাল ৯টায়, তার জন্মস্থান কিশোরগঞ্জের ভৈরবে। এরপর ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে জুমার পর হবে দ্বিতীয় জানাজা।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বনানী কবরস্থানে দাফন করা হবে জিল্লুর রহমানকে। সেখানে স্ত্রী আইভি রহমানের কবরেই সমাহিত হবেন তিনি।
