২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে জাতিসংঘে

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

নুরুল ইসলাম হাসিব

লাবলু আনসার ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 06:58 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

বাংলাদেশের রাষ্ট্রপতির মৃত্যুতে শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান-কি মুন। বাংলাদেশ মিশনে খোলা শোক বইয়ে সইও করেছেন তিনি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা) জাতিসংঘের বাংলাদেশ মিশনে যান মহাসচিব।

শোক বইয়ে স্বাক্ষরের পর তিনি জিল্লুর রহমানের প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ৮৪ বছর বয়সে মারা যান মো. জিল্লুর রহমান। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নিয়েছিলেন তিনি।

শোক বইতে জাতিসংঘের মহাসচিব লিখেন, “বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে আমি জাতিসংঘের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। এমন একজন বিশিষ্ট রাষ্ট্রপ্রধানের মৃত্যুতে তার শোকার্ত স্বজন, দেশবাসী এবং বাংলাদেশ সরকারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি।

“প্রেসিডেন্ট জিল্লুর রহমান সারাজীবনই বাংলাদেশে গণতন্ত্রের জন্য কাজ করেছেন। আশা করছি তার আত্মা শান্তিতে থাকবে।”

মহাসচিব সাংবাদিকদের বলেন, “আমি অত্যন্ত মর্মাহত হয়েছি বাংলাদেশের রাষ্ট্রপতির মৃত্যু সংবাদ জেনে। তার মৃত্যু বাংলাদেশের জন্যে এক অপূরণীয় ক্ষতি বলে আমি মনে করছি।”

গণতন্ত্রের জন্য জিল্লুর রহমানের অবদানও স্মরণ করেন বান-কি মুন।

এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহাসচিবের পর জাতিসংঘে বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিরা শোক বইতে স্বাক্ষর করেন।

এর আগের রাতে জাতিসংঘে বাংলাদেশ মিশনের মিলনায়তনে অনুষ্ঠিত এক শোক সমাবেশে স্মৃতিচারণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী, তোফায়েল আহমেদ এমপি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আব্দুল মুকিত চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক লুৎফুন্নাহার লতা।

এদিকে বাংলাদেশের রাষ্ট্রপতির মৃত্যুতে বৃহস্পতিবার সরকারি স্থাপনাগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ ভুটান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শামীম আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রপতির মৃত্যুতে প্রতিবেশী দেশ ভুটান রাষ্ট্রীয়ভাবে এক প্রার্থনা সভার আয়োজন করে।

দেশটির প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে, মন্ত্রিপরিষদ সদস্য, জাতীয় পরিষদের চেয়ারম্যান, পার্লামেন্ট সদস্যসহ উর্ধ্বতন কর্মকর্তারা প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন।

আরেক প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংও রাষ্ট্রপতির মৃত্যুতে শোক জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক শোকবার্তায় মনমোহন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে ভারতের সব নাগরিকের পক্ষ থেকে আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

জিল্লুর রহমানের জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসছেন ভারতের মন্ত্রী ফারুক আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাতে ভারতের নতুন ও নবায়ণযোগ শক্তি বিষয়ক এই মন্ত্রীর বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে।

এছাড়া রাষ্ট্রপতির মৃত্যুতে শোক জানিয়েছেন চীনের নবনির্বাচিত প্রেসিডেন্ট শি জিনপিং।

বৃহস্পতিবার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে পাঠানো এক শোক বার্তায় শি বলেন, প্রেসিডেন্টের মৃত্যুর সংবাদ শুনে আমি গভীরভাবে মর্মাহত হয়েছি।

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথও জিল্লুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন। শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও।