কুষ্টিয়া-গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুষ্টিয়া সদর উপজেলায় বাস খাদে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জে নিহত হয়েছেন এক পিকআপ চালকের সহকারী।
কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি বাস উপজেলার বারখাদা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কাছে একটি বাইসাইকেলকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে সাজিদ নামে ১২ দিন বয়সী এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। আহত হন অন্তত ৩০ বাসযাত্রী।
আহতদের হাসপাতালে নেয়ার পথে মজনু (৩৮) নামে আরেকজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে ১৫ জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জরুরি বিভাগের চিকিৎসক নব কুমার জানান।
এদিকে দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী স্পিডব্রেকার নির্মাণের দাবিতে সড়ক পরিবহন শ্রমিকদের একটি কার্যালয় ভাংচুর করে এবং কুষ্টিয়া-মেহেরপুর সড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখায়।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে মহেশপুর থানার এসআই আব্দুল মোমিন জানান।
এদিকে গোপালগঞ্জে থেমে থাকা একটি ট্রাকের ওপর একটি পিকআপ আছড়ে পড়ার পর পিকআপের চালকের সহকারী নিহত হয়েছেন।
সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, শুক্রবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
তিনি জানান, ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
তবে নিহত সহকারীর নাম জানাতে পারেননি তিনি।
