২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কখনো ভাবিনি দেখা পাব মা-বাবার’

সোমালীয় জলদস্যুদের কবলে পড়ার যে এলম উদ্দিন মৃত্যুকেই সম্ভাব্য পরিণতি ভেবেছিলেন, বাংলাদেশি সেই নাবিক এখন চট্টগ্রামে তার বাবা-মার কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

উত্তম সেনগুপ্ত, চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 03:52 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

আফ্রিকা উপকূলে ১৩ মাস আটকে থাকা বিদেশ একটি জাহাজের এই নাবিক মুক্তি পাওয়ার ১১ দিন পর বৃহস্পতিবার জন্মভূমিতে ফিরেছেন।

চট্টগ্রাম বিমানবন্দরে নামার পর তার প্রথম প্রতিক্রিয়া ছিল- “কখনো ভাবিনি আবার দেশে আসতে পারব, দেখতে পাব আমার মা-বাবা, আত্মীয়-স্বজনদের। ১৩ মাস কেটেছে এক কাপড়ে। প্রতিটি দিন মনে হয়েছে যেন এক একটা বছর।”

নাইজেরিয়ার মালিকানাধীন রাসায়নিক দ্রব্য পরিবহনকারী ট্যাংকার ‘এমটি রয়েল গেস’ ট্যাংকারে ইঞ্জিন মেকানিক হিসেবে কাজ করেন এলম।

গত বছরের ৩ মার্চ জাহাজটি আরব সাগরে জলদস্যুদের কবলে পড়ে, অন্য নাবিকদের সঙ্গে জিম্মি হন জাহাজের একমাত্র বাংলাদেশি এলমও।

গত ৮ মার্চ জিম্মিদশা থেকে মুক্ত হয়ে এলমসহ নাবিকরা ১২ মার্চ ওমানের সালালা বন্দরে পৌঁছান। সেখান থেকে বৃহস্পতিবার ওমান এয়ারলাইন্সের একটি বিমানে করে চট্টগ্রামে পৌঁছান এলম।

প্রাণের শঙ্কা থাকা এলম ১৩ মাস পর বিমান বন্দরে নেমে স্বজনদের দেখে ছিলেন আবেগে আপ্লুত।

এলম বিমানবন্দরেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন জলদস্যুদের হাতে ১৩ মাসের বন্দি জীবনের কথা।

গত বছরের ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে বিমানে ওমান গিয়ে ২৮ ফেব্রুয়ারি এমটি রয়েল গেসে করে নাইজেরিয়া রওনা হন ২৭ বছরের যুবক এলম। ওই জাহাজে ছিল ভারত, পাকিস্তান ও নাইজেরিয়ার আরো ২১ নাবিক।

এলম জানান, রওনা দেয়ার চারদিন বাদে ওমান থেকে আনুমানিক ২০০ নটিক্যাল মাইল দূরে তাদের জাহাজটি আক্রমণ করে জলদস্যুরা।

দুনিয়াজুড়ে আলোচিত সোমালি জলদস্যুদের আক্রমণের বর্ণনা দিতে গিয়ে এলমের চোখে-মুখে ভয়ের ছাপ দেখা যায়।

“দুই থেকে আড়াইশ জলদস্যু ভারী অস্ত্র-শস্ত্র নিয়ে আমাদের জাহাজে হানা দেয়। সবাইকে জিম্মি করে অস্ত্রের মুখে তাদের নির্দেশ মতো জাহাজ চালাতে বাধ্য করে।”

সোমালি উপকূলে এলমদের জাহাজকে চারটি স্থানে রাখা হয়েছিল। সর্বশেষ স্থানটিতে তারা ছিলেন সাত মাস।

“এর মধ্যে জলদস্যুদের নির্যাতন ও অর্ধাহারে থাকতে থাকতে একজন নাইজেরিয়ার নাবিক মারা যায়।”

জলদস্যুদের আচরণ জানতে চাইলে এলম বলেন, “তাদের রূপ ছিল ভয়ানক। প্রতিদিন ১৫০ থেকে ২০০ জন দস্যু আমাদের জাহাজ পাহারা দিত। বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করত আমাদের।”

“দস্যুরা বিভিন্ন অস্ত্র দিয়ে আমাদের মারধর করতে এবং বারবার মেরে ফেলার হুমকি দিত।”

কী খেতে পেতেন- জানতে চাইলে এলম বলেন, “বেঁচে থাকা ২১ নাবিকের জন্য দস্যুরা সাত/আটটি আলু ও সামান্য পরিমাণে চাল দিত। আলুগুলো সিদ্ধ করে কোনোমতে আমরা ভাত খেতাম, এতে কারো পেট ভরত না।”

কারো সাথে কোন যোগাযোগ করা যেত না জানিয়ে এই নাবিক বলেন, দস্যুরা তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, ব্যাগসহ সব কিছু নিয়ে যায়।

জিম্মি করার পর গত বছরের জুন মাসে মাত্র একবার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ দেয়া হয়েছিল বলে তিনি জানান।

এলম জানান, সোমালিয়ার দস্যুদের যে দলটি তাদের জিম্মি করেছিল, তার নাম ‘জামাল পাইরেটস লিমিটেড’।

তবে কারা কীভাবে তাদের ছাড়িয়ে এনেছে, সে বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন এলম উদ্দিন।

তবে বলেন, আইএমও এবং আইএলওসহ কিছু সংগঠন তাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে।

কালা মিয়া ও সাফিয়া খাতুনের তিন ছেলে এক মেয়ের মধ্যে সবার ছোট এলম।

ছোট ছেলেটিকে কাছে পেয়ে আবেগপ্লুত কালা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেদিন শুনলাম জলদস্যুরা তাদের জাহাজটি জিম্মি করেছে, সেদিন থেকে খাওয়া ও ঘুম প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এখন খুব খুশি লাগছে।”

এর আগে সোমলিয়ান জলদস্যুরা এমভি জাহান মনি নামে একটি বাংলাদেশি জাহাজ আটক করে এবং নাবিকদের জিম্মি করে। পরে অবশ্য ছাড়া পান তারা।

পুরনো খবর:

সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি নাবিক