২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি নাবিক

এক বছর পর সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়েছেন বাংলাদেশি এক নাবিক।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 04:21 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

মুক্ত নাবিক এলম উদ্দিন (২৫) চট্টগ্রামের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকার বাসিন্দা।

ছাড়া পাওয়ার পর এলম তার পরিবারের সঙ্গে কথা বলেছেন।

তার ভাই মো. সাইফুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলমসহ জাহাজের নাবিকরা এখন ওমানের সালালা বন্দরে রয়েছেন।

এলম দুবাইয়ের মালিকানাধীন রাসায়নিক দ্রব্য পরিবহনকারী ট্যাংকার ‘এমটি রয়েল গেস’ সী-ম্যান (ইঞ্জিন) হিসেবে কর্মরত।

সাইফুদ্দিন জানান, গত বছরের ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে বিমানে ওমানে যান এলম। এরপর ২৯ ফেব্রুয়ারি তিনি ওই ট্যাংকারে ওঠেন।

এলম তার ভাইকে জানিয়েছেন, দুবাই থেকে ওমান হয়ে রাসায়নিক দ্রব্য নিয়ে নাইজেরিয়া যাওয়ার পথে গত বছরের ১ মার্চ ট্যাংকারটি ছিনতাই করে জলদস্যুরা।

জলদস্যুরা ট্যাংকারটি ছিনতাই করার পর থেকে প্রায় তিন মাস এলম যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বলে জানান সাইফুদ্দিন।

তিনি বলেন, “এরপর গত জুন মাসে জলদস্যুদের মোবাইল ফোন থেকে এলম আমার সঙ্গে যোগাযোগ করে এবং জাহাজসহ তারা অপহৃত হওয়ার বিষয়টি জানায়।”

ওই ট্যাংকারে ভারতীয় ১৭ জন, পাকিস্তানি তিনজন ও নাইজেরিয়ার তিনজনসহ মোট ২৪ জন নাবিক ছিল।

তার মধ্যে নাইজেরিয়ার একজনকে জলদস্যুরা হত্যা করে বলে এলম জানিয়েছেন।

তিনি জানান, গত শুক্রবার দুপুর দেড়টায় সোমালিয়ার উপকূল থেকে মুক্তি পায় ট্যাংকারটি।

মুক্তি পেয়ে সেদিনই বড় ভাই সাইফুদ্দিনের মোবাইল ফোনে যোগাযোগ করেন এলম।

এই নাবিকের দেশে ফেরার জন্য দূতাবাসে যোগাযোগ করছেন বলে সাইফুদ্দিন জানান।