মৃত্যুর জন্য হরতালকারীরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী
হরতালে সহিংসতায় কারো প্রাণ গেলে এজন্য হরতালকারীদের দায়ী করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
মঙ্গলবার কুড়িগ্রামে তিনি বলেন, আর্থ-সামাজিক কর্মকাণ্ডে বাধা দিয়ে বাংলাদেশে কোনো হরতাল আরোপ করা যাবে না।
“হরতালের নামে মানুষ হত্যা করা, পরিবহন ধ্বংস করা, পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, দরিদ্র মানুষের দোকানপাট লুট করা কখনো হতে দেব না,” বলেন মন্ত্রী।
দুপুরে তিনি ফুলবাড়ী থানা ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য দেন।
খালেদা জিয়ার ডাকা ৩৬ ঘণ্টার হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে দাবি করে তিনি বলেন, “রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে অনৈতিক হরতাল দমন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”
থানা ববন উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৫০০ কোটি টাকা ব্যয়ে দেশের বিভিন্ন স্থানে ১৫০টি পুরোনো থানা ভবন নির্মাণ এবং প্রতিটি থানায় গড়ে দুটি করে পুলিশ ভ্যান সরবারহ করা হবে।
কুড়িগ্রামের পুলিশ সুপার সঞ্জয় কুমার কুন্ডুর সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো. জাফর আলী, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ফজলে রাব্বী, পুলিশের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহামা, রংপুরের বিভাগের পুলিশের ডিআইজি ইকবাল বাহার, কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান প্রমুখ।
এরপর বিকালে তিনি ফুলবাড়ী জসিমিয়া হাইস্কুল মাঠে এক জনসভায় ভাষণ দেন।
