মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ, বাবা ছুরিকাহত
চাঁপাইনবাবগঞ্জ শহরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে ছুরিকাঘাতে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার আহত গোলাপ হোসেন এবং স্থানীয় সিরাজুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকালে নবাবগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ওই ছাত্রীকে উত্ত্যক্তকরা প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত গোলাপ হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রীর মা অভিযোগ করেন, সকাল ১০টার দিকে নবাবগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ওই ছাত্রী শহরের প্রফেসরপাড়ার একটি কোচিং সেন্টার থেকে বাসায় ফিরছিল। পথে কোটবাগান এলাকায় কয়েকজন বখাটে তাকে উত্ত্যক্ত করলে সে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে।
এরপর গোলাপ হোসেন ওই এলাকায় গিয়ে এর প্রতিবাদ জানালে উত্ত্যক্তকারীরা তাকে ছুরিকাঘাত ও মাথায় আঘাত করে।
এ সময় শহরের শংকরবাটি মহল্লার সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি তাকে রক্ষা করতে গেলে উত্ত্যক্তকারীরা তাকেও ছুরিকাঘাত করে।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সদর থানার ওসি এনায়েত হোসেন বলেন, “বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে কেউ সদর থানায় অভিযোগ করেনি।”
