২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া

বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতালের দ্বিতীয় দিনে ব্রাহ্মণবাড়িয়া শহরে হরতালসমর্থকদের সঙ্গে পুলিশ ও হরতালবিরোধীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 09:51 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

মঙ্গলবার হরতাল চলাকালে শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত ছয় জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ আটক করেছে ১১ জনকে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, সকাল পৌনে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট বাসস্ট্যান্ড এলাকায় কুমিল্লা-সিলেট সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে পিকেটাররা।

এ সময় পুলিশ বাধা দিলে হরতালকারীরা হামলা চালায় বলে জাহিদুল ইসলাম জানান।

পরে পুলিশ ছররা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এর কিছুক্ষণ পর শহরের সুলতানপুর এলাকায় হরতালবিরোধীদের সঙ্গে সংঘর্ষে ১০ জন বিএনপি সমর্থক আহত হন। তাদের সদর হাসপাতালে নিয়ে গেলে ছয় জনকে হাসপাতালে ভর্তি করে বাকিদের প্রাথমিক চিকিৎস দিয়ে ছেড়ে দেয়া হয় বলে জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার মোবাশ্বের ভূঁইয়া জানান।

সুলতানপুর এলাকায় সংঘর্ষের জের ধরে শহরের ঘটুরা, শেরপুর এলাকা, টিএরোড, কান্দিপাড়া ও শিমরাইলকান্দি এলাকায় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশ ও হরতালবিরোধীদের বিক্ষিপ্ত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। 

পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, ৩০ রাউন্ড ফাঁকা গুলি এবং কাঁদানে গ্যাসের ১০টি শেল ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষ চলাকালে প্রায় পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়। আহত হন বেশ কয়েকজন।

এ ঘটনায় পুলিশ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে বলে মনিরুজ্জামান জানান।