২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না.গঞ্জে ছাত্রদলের পিকেটিং, পুলিশের ধাওয়া

নারায়ণগঞ্জ শহরে মঙ্গলবার সকালে হরতালের সমর্থনে জাতীয়তাবাদী ছাত্রদলের পিকেটিংয়ে বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 05:30 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

এ সময় পিকেটাররা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড প্রায় আধা ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখায় ও বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে বলে অভিযোগ করে পুলিশ।

পুলিশ ঘটনাস্থল থেকে তিন পিকেটারকে আটক করে। এছাড়া হরতাল চলাকালে ও আগের রাতে জেলার বিভিন্ন স্থান থেকে ১৬ জনকে আটক করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশরাফুজ্জামান ।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোমবার ভেরো শুরু হওয়া এই হরতাল মেষ হবে মঙ্গলবার সন্ধ্যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় মহানগর ছাত্রদল শহরের চাঁদমারী এলাকায় মিছিল বের করে। এ সময় তারা সড়কে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখায়। বাধা দিলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তখন মিছিলকারীরা ২-৩টা যানবাহন ভাংচুর করে।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে হরতালসমর্থকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা সড়কের শহরের মাসদাইর এলাকায় টায়ারে আগুন ধরিয়ে দেয়। এখানেও পুলিশের ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যায় হরতালসমর্থনকারীরা।

অন্যদিকে সকাল সাড়ে ৬টায় শহরের সিরাজউদ্দৌলা সড়কে মহানগর বিএনপি ও মহানগর যুবদল মিছিল বের করে। মিছিলটি শহরের ১নং রেল গেটের দিকে যাওয়ার সময়ে পুলিশ বাধা দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

রূপগঞ্জ উপজেলার দাউদপুরের শিমুলিয়া এলাকায় হরতাল সমর্থনে মিছিল বের করলে পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানান রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ ফাঁকা গুলি বর্ষণ করে হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় সেখান থেকে ৯ জনকে আটক করা হয় বলে থানার ওসি জানান।