২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরাজ হত্যা: ৭ দিনেও তদন্তে অগ্রগতি নেই

যুদ্ধাপরাধ মামলার সাক্ষী, গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই হত্যাকাণ্ডের সাতদিন পার হলেও পুলিশের তদন্তে কোনো অগ্রগতি নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2013, 03:32 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

গত ৯ মার্চ রাতে রাজধানীর কুড়িল ফ্লাইওভারের পাশ থেকে বুলবুলের ছোট ভাই আহমেদ মিরাজের লাশ উদ্ধার করে রেল পুলিশ।

লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিক্যালের ফরেনসিক বিভাগের প্রভাষক সোহেল মাহমুদ জানান, মিরাজের দুই ঠোঁটের ভেতরে, মাথার পেছনে এবং বুকের ভেতরে রক্ত জমাট বাঁধা ছিল। তার নাক ছিল ভাঙা। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ঘটনার তিনদিন পর ১২ মার্চ আহমেদ ইমতিয়াজ বুলবুল বাদী হয়ে খিলক্ষেত থানায় একটি মামলা করেন। মামলায় আসামি হিসেবে কারো নাম উল্লেখ করা হয়নি।

খিলক্ষেত থানার ওসি শামীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনও এ মামলার তদন্তে দেওয়ার মতো কোন অগ্রগতি নেই।”

মিরাজ হত্যাকান্ডের কোনো ‘ক্লু’ পাওয়া গেছে কিনা জিজ্ঞেস করা হলে ওসি বলেন, “খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশরাফ উদ্দিন মামলাটি তদন্ত করছেন। পুলিশ আপ্রাণ চেষ্টা করছে সব ধরনের ‘ক্লু’ উদ্ধারে।”

মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে প্রসিকিউশনের চতুর্দশ সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছিলেন।

ছোট ভাই খুন হওয়ার পর যুদ্ধাপরাধ মামলার এই সাক্ষী নিজের ও তার পরিবারের সদস্যদের নিরপত্তাহীনতার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিরাপত্তা চান।