২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় আহত ইমামের মৃত্যু

বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় আহত এক ইমামের মৃত্যু হয়েছে বলে পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2013, 02:07 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

গত ৯ মার্চ শনিবার সদর উপজেলার বাখরগঞ্জ বাজারে চিতলমারী উপজেলার নাসিরপুর জামে মসজিদের ইমাম মোকছেদুর রহমানকে (৪০) সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে।

শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকায় ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ছেলে মো. নাজমুর রহমান ও বাগেরহাট মডেল থানার ওসি মিজানুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

নাজমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার দিন একদল সশস্ত্র সন্ত্রাসী তার বাবাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। তিনি আত্মরক্ষার্থে পাশের একটি পুকুরে ঝাপ দিলে তাকে তুলে এনে দুই হাত ও পায়ের রগ কেটে দেয় সন্ত্রাসীরা।

স্থানীয় লোকজন ইমামকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফখরুল আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুমন নামে নিহতের এক ভাতিজার নেতৃত্বে ওই হামলা হয়েছিল বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। এ হামলার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।

জেলা জামায়াতের নায়েবে আমির রেজাউল করিম জানান, তার দলের সঙ্গে ইমাম মোকছেদুর রহমানের কোনো সম্পৃক্ততা ছিলনা।

ওসি মিজানুর রহমান আরো জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের লাশের ময়না তদন্ত সম্পন্ন হবে। সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মাদ্রা গ্রামের প্রয়াত আব্দুল হাকিমের ছেলে ইমাম মোকছেদুর।