নারায়ণগঞ্জে একে-৪৭ এর গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার
নারায়নগঞ্জের রূপগঞ্জে একে-৪৭ এর ৫০ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোররাতে উপজেলার দাউদপুর এলাকায় অভিযান চালিয়ে জুলহাসকে (৩৫) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান।
জুলহাস ওই এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে।
ওসি জানান, গ্রেপ্তারের সময় জুলহাসের পকেট থেকে একে-৪৭’র একটি গুলি উদ্ধার করা হয়। এছাড়া তার কাছে ৫০ টি ইয়াবা ও ৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
পরে জিজ্ঞাসাবাদ শেষে ভোররাতে তার বাড়িতে অভিযান চালিয়ে একই রকম আরো ৪৯ টি গুলি উদ্ধার করা হয়।
জুলহাস পেশাদার মাদক ও অস্ত্র ব্যবসায়ী বলে এই পুলিশ কর্মকর্তা জানান। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
