২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব ধর্মের বাণীতে আশুলিয়ায় সমাবেশ শুরু

সব ধর্মের বাণী পাঠের মধ্য দিয়ে আশুলিয়ায় শুরু হয়েছে গণজাগরণ মঞ্চের সমাবেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2013, 10:33 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

শুক্রবার বিকাল ৪টায় সব ধর্মের গ্রন্থ থেকে পাঠের পর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। এরপর আশুলিয়ার তাজরীণ ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্ঘটনায় দেশের বিভিন্ন কারখানায় নিহত শ্রমিক এবং একাত্তরের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে শুরু হয় সমাবেশের কার্যক্রম।

সমাবেশ পরিচালনা করছেন ব্লগার মাহমুদুল হক মুন্সী। 

যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত নিষিদ্ধের দাবিতে এই সমাবেশ শুরু আগে দুপুর আড়াইটার দিকে ফ্যান্টাসি কিংডমের সামনে সমাবেশ মঞ্চে গণসংগীত শুরু করেন উদীচী শিল্পীগোষ্ঠী সাভার উপজেলা শাখার নেতাকর্মীরা। এরই মাঝে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে জামগড়া এলাকা।

শাহবাগ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, নাট্য ব্যাক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা দুপুরেই সেখানে পৌঁছান।

এদিকে চট্রগ্রামের মতো আশুলিয়াতেও হেফাজতে ইসলাম নামের সংগঠনটি জাগরণ মঞ্চের সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার মধ্য গাজীরচটের ইউনিভার্সাল প্রি-ক্যাডেট অ্যান্ড কিন্টারগার্টেন স্কুলে সংবাদ সম্মেলন করে থানা হেফাজতে ইসলামী ও স্থানীয় ওলামা কল্যাণ পরিষদ এই ঘোষণা দেয়। 

সমাবেশের আড়াই ঘণ্টা আগে আশুলিয়ায় বেরন ও গাজীর চর এলাকায় পাঁচটি ককটেল ফাটানো হয়। এ ঘটনায় দুজন আহত হন বলে আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম জানান।

ওসি বলেন, বিস্ফোরণের স্থান দুটি গণজাগরণ মঞ্চের সমাবেশস্থল থেকে দেড়-দুই কিলোমিটার দূরে। তবে কারা ও কী কারণে হাতবোমা ফাটিয়েছে তা স্পষ্ট নয়।

আশুলিয়ার সমাবেশ সামনে রেখে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। সমাবেশস্থল ঘিরে অর্ধশতাধিক ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল র্যাব ও পুলিশ। পুলিশের সাঁজোয়া যান ও জলকামানও প্রস্তুত রাখা হয়েছে রাখা হয়েছে।

ফ্যান্টাসি কিংডমের সামনে বৃহস্পতিবার রাতেই মঞ্চ তৈরির কাজ শেষ হয়। স্থানীয় ছাত্র জনতা দুপুর থেকেই সেখানে জড়ো হতে শুরু করেন।

দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল সড়কের বাইপাইল বাসস্ট্র্যান্ড এলাকায় এবং মঞ্চের পিছনে মালিহা ফিলিং স্টেশনের সামনে দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।

আশুলিয়ায় সমাবেশ হলেও শাহবাগ প্রজন্ম চত্বরের কর্মসূচিও অব্যহত থাকবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। বিকালে সেখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গণসঙ্গীত পরিবেশন করবে। গানের ফাঁকে ফাঁকে চলবে রাজাকারদের ফাঁসি দাবির স্লোগান।