২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ দেশে সাম্প্রদায়িক শক্তির স্থান নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তিযুদ্ধের চেতনায় গড়া বাংলাদেশ সাম্প্রদায়িক শক্তির জন্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2013, 08:41 AM

Updated : 25 Apr 2022, 06:29 PM

শুক্রবার চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রদায়িক সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত হিন্দৃ সম্প্রদায়ের ঘর-বাড়ি ও মন্দির পরিদর্শন করে তিনি সাংবাদিকদের বলেন, যারা এই হামলা চালিয়েছে তারাই যুদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টা চালাচ্ছে।

“এরাই স্বাধীনতাবিরোধী শক্তি। তাদের আমরা দেশ ও মুক্তিযুদ্ধেবিরোধী শক্তি বলে মনে করি। সেই সাম্প্রদায়িক শক্তির জন্য এই বাংলাদেশ না।”

ক্ষমতাসীন আওয়ামী লীগের এই নেতা বলেন, “আমরা ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানাতে এসেছি। তাদের সর্বাত্মক নিরাপত্তার নিশ্চিয়তা দিচ্ছি।”

যারা সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছে, সরকার সর্বাত্মক শক্তি দিয়ে তাদের মোকাবেলা করবে বলে জানান তিনি।

মন্ত্রী বলে, গত ২৮ ফেব্রুয়ারি বাঁশখালীতে হামলা-ভাংচুরের এ ঘটনায় জড়িত কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওইদিন দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর বাঁশখালীতে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত-শিবির। বাঁশখালীতে জামায়াত-শিবিরকর্মীরা উপজেলা প্রশাসন ভবন, আদালত ভবন ও ধোপাপাড়ায় সংখ্যালঘুদের সাতটি বসত ঘরে আগুন দেয়। হামলায় এক বৃদ্ধ নিহত হয়।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগ গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে তিনি বলেন, “মহানবীর বাণীকে অবহেলা করে যারা বাঁশখালীসহ বিভিন্ন স্থানে ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে, তাদের দমন করে সরকার প্রমাণ করবে- বাংলাদেশ তার সংবিধান ও আইন অনুযায়ী চলবে। সরকার সকল ষড়যন্ত্র প্রতিহত করতে বদ্ধ পরিকর।”

দুপুর সাড়ে ১২টার দিকে হেলিকপ্টারে করে বাঁশখালীতে পৌঁছে প্রথমেই থানায় যান স্বরাষ্ট্র মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

পরে সেখান থেকে জামায়াতি হামলায় ক্ষতিগ্রস্ত বাঁশখালীর ঋষি অদ্বৈতানন্দ মঠ ও আশ্রম পরিদর্শন করেন এবং সেখানে সেবায়েত ও হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এরপর পৌর সদরে ধোপাপাড়ায় পুড়িয়ে দেয়া হিন্দু পরিবারের ছয়টি ঘরের অবস্থা ঘুরে দেখেন তিনি।

চট্টগ্রাম-৭ আসনের সাংসদ মাঈনুদ্দিন খান বাদল, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক আব্দুল মান্নান, চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক নওশের আলী খান, সংরক্ষিত নারী আসনের সাংসদ হাসিনা মান্নান এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।

দুপুরের নামাজের পর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী।

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘ধর্মান্ধ ও স্বার্থান্বেষী মহল’ নিজেদের আখের গোছানোর জন্য সরকারি অফিস-আদালত ও হিন্দু সম্প্রদায়ের মন্দির-বাড়িঘরে সহিংসতা চালিয়েছে।

“সংবিধানে অসাম্প্রদায়িক সমাজ ও সকলের নাগরিকের জন্য রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে। ফলে এ ধরনের অপরাধ যেখানেই হোক, তা মেনে নেয়া হবে না।”

মন্ত্রী বলেন, “আমরা যুদ্ধাপরাদীদের বিচার করে প্রমাণ করব, এ দেশ অপরাধীদের স্বর্গরাজ্য নয়। হামলা করে বিচার বানচাল করা যাবে না। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের সময়ও সে চেষ্টা হয়েছিল, কিন্তু ষড়যন্ত্র ভেস্তে গেছে।”

তিনি যুদ্ধাপরাধীদের বিচারে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান।

জাসদ নেতা ও সাংসদ মাঈনুদ্দিন খান বাদল মতবিনিময় সভায় বাঁশখালীর বিএনপি দলীয় সাংসদ জাফরুল ইসলামের প্রতি ইঙ্গিত করে বলেন, “এতো বড় একটা সাম্প্রদায়িক সহিংসতার পর আপনি এখানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন বোধ করলেন না। এখনো সময় আছে, তাদের পাশে দাঁড়ান। না হলে এলাকাবাসী আপনাকে ক্ষমা করবে না। এ ঘটনা বাঁশখালীবাসীর জন্য লজ্জার।”

গত ২৮ ফেব্রুয়ারি বাঁশখালীতে সাম্প্রদায়িক সন্ত্রাসের ১০ দিন পর জাফরুল ইসলাম সেখানে যান। এর ঠিক একদিন আগেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান খান।

তিনি এ ঘটনাকে ‘রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ’ উল্লেখ করে ‘সময়মতো’ ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়ানোয় স্থানীয় সংসদের সমালোচনা করেন।