হাসপাতালে ভর্তি শিশুরা পর্যবেক্ষণে
‘ভিটামিন-এ ক্যাপসুল খেয়ে মৃত্যুর গুজবের পর’ বিভিন্ন হাসপাতালে ভর্তি শিশুদের অবস্থা পর্যবেক্ষণ করছে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই সব শিশুদের চিকিৎসা নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য তিনি ছয় পরিচালককে বিভিন্ন জেলায় পাঠিয়েছেন।
“তাদের অসুস্থ হওয়ার সঙ্গে এই অভিযানের (ভিটামিন- এ প্লাস) কোনো সংযোগ নেই। তবু আমরা নিবিড়ভাবে তাদের চিকিৎসা পর্যবেক্ষণ করছি,” একইসঙ্গে বলেন তিনি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকিরের বুধবারের বিবৃতির প্রতিধ্বনি করে সিফায়েত উল্লাহ বলেন, হাসপাতালে যারা ভিড় জমিয়েছিল তারা প্রধানত ‘ভুল তথ্য, গুজব থেকে ভীতি এবং কফ, সর্দি ও ডায়রিয়ার মতো মৌসুমী অসুস্থতার কারণে এসেছিল।
তিনি বলেন, “আমার জানামতে, ভিটামিন-এ খাওয়ানোর পর মৃত্যুর কোনো রেকর্ড নেই।”
ভিটামিন এ ক্যাপসুল নিয়ে যারা গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিত করতে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম লস্কারকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সিভিল সার্জনদের মাধ্যমে তারা জানতে পেরেছেন যে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে প্রথম এ গুজব ছড়ানো হয়।
“এটা প্রথমে রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে ছড়ানো হয়েছে।”
তিনি বলেন, ওই এলাকায় এক ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। এই ভিটামিন মুসলমানদের আয়ু কমিয়ে দেয় এবং হিন্দুদের আয়ু বাড়িয়ে দেয় বলে মসজিদের মাইক থেকে গুজব ছড়াচ্ছিলেন ওই ইমাম।
সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ গুজব ছড়ানো হয়েছে- মন্তব্য করে মহাপরিচালক বলেন, “এটা সারা বিশ্বে স্বীকৃত একটি কর্মসূচি। তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ গুজব ছড়িয়েছে। একটি টেলিভিশন চ্যানেল ও একটি সংবাদপত্রও এর সঙ্গে জড়িত।”
স্বাস্থ্য সচিব এমএম নিয়াজউদ্দিন বলেন, গুজবে আতঙ্কিত হয়ে অনেক বাবা-মা তাদের ছেলে-মেয়েকে ঘুম থেকে তুলে নিয়ে হাসপাতালে গেছেন।
গুজব ছড়ানোর কারণে বাদপড়া শিশুদের ভিটামিন ‘এ’ ও কৃমিনাশক খাওয়ানোর চার দিনের কর্মসূচি স্থগিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে ভিটামিন খাওয়ানোর ওই কর্মসূচি শুরু করব।”
জনস্বাস্থ্য ও পুষ্টি অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. এখলাসুর রহমান মঙ্গলবারই শিশুমৃত্যুর খবরকে গুজব বলে উড়িয়ে দেন এবং ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর কর্মসূচি সফল হয়েছে বলে জানান।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত দেশজুড়ে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।
এই বয়সী ৯০ শতাংশ শিশুকেই ক্যাপসুল ও ট্যাবলেট খাওয়ানো হয়েছে বলে অধ্যাপক এখলাস জানান।
১৫ কোটি জনসংখ্যার বাংলাদেশে ২ কোটি ১০ লাখ শিশুর বয়স ছয় মাস থেকে ৫ বছর।
