২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিটামিন নিয়ে ‘গুজব’ তদন্তে কমিটি

ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পার্শ্বপ্রতিক্রিয়ায় দেশের কোথাও শিশুমৃত্যুর কোনো ঘটনা ঘটেনি জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেছেন, একটি মহল এ বিষয়ে আতঙ্ক ছড়িয়েছে।   

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 06:59 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

যারা গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম লস্কারকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।   

বুধবার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর কর্মসূচি নিয়ে সরকারের বক্তব্য তুলে ধরেন প্রতিমন্ত্রী।

সারা দেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিয়ে শিশুমৃত্যু ও অসুস্থতার গুজবে মঙ্গলবার চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, চাঁদপুর, গাইবান্ধা, বাগেরহাট, মুন্সীগঞ্জসহ বিভিন্ন জেলার হাসপাতালে উৎকণ্ঠিত অভিভাবকদের ভিড় জমে।

এই পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির।

তিনি ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশকের গুণাগুণ তুলে ধরে জানান, এ ক্যাপসুল খাওয়ার কারণে কোনো শিশুর অসুস্থতার কোনো প্রমাণ কোথাও মেলেনি।

“এটা সম্পূর্ণ ভিত্তিহীন। একটি কুচক্রী মহল এটা ছড়িয়েছে। ভিটামিন খুবই নিরাপদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত সিঙ্গাপুরের গবেষণাগারে এটা পরীক্ষা করা হয়েছে। এটা খেয়ে অসুস্থতার কোনো কারণ নেই।”

এর আগে ২০১০ সালেও একটি মহল একই ধরনের গুজব ছড়ানোর চেষ্টা চালিয়েছিল বলে জানান তিনি।

স্বাস্থ্য সচিব এমএম নিয়াজউদ্দিন বলেন, গুজবে আতঙ্কিত হয়ে অনেক বাবা-মা তাদের ছেলে-মেয়েকে ঘুম থেকে তুলে নিয়ে হাসপাতালে গেছেন।

গুজব ছড়ানোর কারণে বাদপড়া শিশুদের ভিটামিন ‘এ’ ও কৃমিনাশক খাওয়ানোর চার দিনের কর্মসূচি স্থগিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে ভিটামিন খাওয়ানোর ওই কর্মসূচি শুরু করব।”

বিভ্রান্তি ছড়ানোর জন্য সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকও ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. শেফায়েতউল্লাহ বলেন, সিভিল সার্জনদের মাধ্যমে তারা জানতে পেরেছেন যে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে প্রথম এ গুজব ছড়ানো হয়।

“এটা প্রথমে রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে ছড়ানো হয়েছে।”

তিনি বলেন, ওই এলাকায় এক ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। এই ভিটামিন মুসলমানদের আয়ু কমিয়ে দেয় এবং হিন্দুদের আয়ু বাড়িয়ে দেয় বলে মসজিদের মাইক থেকে গুজব ছড়াচ্ছিলেন ওই ইমাম।

সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এ গুজব ছড়ানো হয়েছে- মন্তব্য করে মহাপরিচালক বলেন, “এটা সারা বিশ্বে স্বীকৃত একটি কর্মসূচি। তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ গুজব ছড়িয়েছে। একটি টেলিভিশন চ্যানেল ও একটি সংবাদপত্রও এর সঙ্গে জড়িত।

জনস্বাস্থ্য ও পুষ্টি অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. এখলাসুর রহমান মঙ্গলবারই শিশুমৃত্যুর খবরকে গুজব বলে উড়িয়ে দেন এবং ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর কর্মসূচি সফল হয়েছে বলে জানান।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত দেশজুড়ে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।

এই বয়সী ৯০ শতাংশ শিশুকেই ক্যাপসুল ও ট্যাবলেট খাওয়ানো হয়েছে বলে অধ্যাপক এখলাস জানান।

১৫ কোটি জনসংখ্যার বাংলাদেশে ২ কোটি ১০ লাখ শিশুর বয়স ছয় মাস থেকে ৫ বছর।

পুরনো খবর:

ভিটামিন ‘এ’: গুজব শুনে হাসপাতালে ভিড়