‘আতঙ্কে হাসপাতালে আসা শিশুরা সবাই ভাল আছে’
ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পর আতঙ্কে সিরাজগঞ্জের দুটি হাসপাতালে নিয়ে আসা সব শিশুই ভাল আছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন।
তিনি জানান, মঙ্গলবার ভিটামিন ট্যাবলেট খাওয়ানোর পর নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ায় বুধবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও কাজীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে মোট ৭১টি শিশুকে নিয়ে আসেন অভিভাকরা।
কাজীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আসা ৩৬ জনের মধ্যে ২৯ জনকে ভর্তি করা হয়েছে এবং সদর হাসপাতালে আরো ৩৫ জনকে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে সিভিল সার্জন আবুল ফারেজ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাচ্চাদের মধ্যে কারো কারো পাতলা পায়খানা ও বমি হচ্ছে। পাঁচ জনের মাথায় একটু ফোলা দেখা গেছে। তবে তাদের শারীরিক অবস্থা ভাল।”
ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খেলে কোনো কোনো শিশুর মধ্যে এ ধরনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে জানিয়ে তিনি বলেন, “এটা বড় কোনো অসুস্থতা নয়। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।”
এই শিশুদের দেখতে স্বাস্থ্য কর্মকতাদের একটি দলের সঙ্গে সকাল থেকেই কাজীপুরে অবস্থান করেন সিভিল সার্জন ।
পর্যবেক্ষণে থাকা শিশুরা বিকালেই বাড়ি ফিরে যেতে পারবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত দেশজুড়ে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।
সারা দেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিয়ে শিশুমৃত্যু ও অসুস্থতার গুজবে মঙ্গলবার চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, চাঁদপুর, গাইবান্ধা, বাগেরহাট, মুন্সীগঞ্জসহ বিভিন্ন জেলার হাসপাতালে উৎকণ্ঠিত অভিভাবকদের ভিড় জমে।
এই পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকায় সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির।
তিনি জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পার্শ্বপ্রতিক্রিয়া দেশের কোথাও শিশুমৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। একটি মহল এ বিষয়ে গুজব ছড়িয়েছে।
যারা গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চার সদস্যের একটি কমিটিও করা হযেছে।
এদিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফরিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সেখানে ৩৫ জন শিশুকে নিয়ে গেছেন তাদের অভিভাবকরা।
এর আগে মঙ্গলবার ভিটামিন খাওয়ার পর যে ৫ শিশু হাসপাতালে এসেছিল, তাদের সবাইকে ছেড়ে দেয়া হয়েছে বলেও জানান ফরিদ।
জামালপুরের সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দে জানান, সেখানেও সদর হাসপাতালে ১৫ শিশুকে নিয়ে এসেছেন অভিভাবকরা। তাদের মধ্যে কারো কারো বমি ও পাতলা পায়খানার মতো উপসর্গ দেখা গেলেও আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি।
