২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশি তিন ট্রাক চালককে মারধরের প্রতিবাদে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে ট্রাক শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 09:41 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল বন্দরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ট্রাক শ্রমিকরা। এর ফলে বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়।

ঝিকরগাছা শ্রমিক ইউনিয়ন বেনাপোল শাখার সাধারণ সম্পাদক শাহিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকালে বাংলাদেশ থেকে রপ্তানি পণ্য নিয়ে ট্রাক চালকরা ভারতের পেট্রাপোল বন্দরে যায়। মাল আনলোড না হওয়ায় চালকরা রাতে বন্দর এলাকায় ছিল। রাতে এক দল সন্ত্রাসী তাদের মারধর করে এবং মোবাইল ও টাকা পয়সা কেড়ে নেয়।

এ সময় সন্ত্রাসীরা আয়ুব হোসেন নামে এক চালকে খুর দিয়ে জখম করে।

আহত আয়ুব পালিয়ে বাংলাদেশে আসলেও এখনও পর্যন্ত অন্য চালকদের কোন খোঁজ পাওয়া যায়নি বলে জানান তিনি।

তিনি আরো জানান, এ ঘটনার প্রতিবাদে বেনাপোল বন্দর থেকে ভারতে রপ্তানি বন্ধ করে দেয়া হয়েছে ।

ভারতীয় পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি নিরূপন চক্রবর্তী জানান, বাংলাদেশি  ট্রাক চালক আহত হওয়ার পর তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ভারতীয় শ্রমিক সংগঠণও রপ্তানি বন্ধ করে দিয়েছে।

আহত অন্য চালকদের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে বলেও তিনি জানান।

একইসঙ্গে বিষয়টি মীমাংসার জন্য বৈঠক চলার কথাও জানান তিনি।

বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল আওয়াল হাওলাদার জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে মালামাল লোড আনলোড ও খালাশ অব্যাহত আছে।

এছাড়া কাস্টমস হাউজের শুল্কায়ন কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে এবং দু’দেশের মধ্যে যাত্রী পারাপারও স্বাভাবিক রয়েছে।