২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ছেলেসহ পুড়ে মারা গেলেন জাহাঙ্গীর

চট্টগ্রামে একটি বাড়িতে এক ব্যক্তি তার দুই সন্তানসহ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 03:56 PM

Updated : 25 Apr 2022, 06:28 PM

বুধবার রাত পৌনে ৯টার দিকে পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকার অ্যালুমিনিয়াম গলির আনর আলী সওদাগরের বাড়িতে আগুন লাগে বলে অগ্নিনির্বাপক বাহিনী জানায়।

নিহতরা হলেন জাহাঙ্গীর আলম (৩৫) ও তার দুই সন্তান ওবায়দুল ইসলাম সিফাত (১১) ও যোবাইদুল ইসলাম জুনায়েদ (৬)।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ১০টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত জাহাঙ্গীরের মামাত ভাই আরফানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একতলা বাড়িটির ছাদে পাশাপাশি তিনটি সেমিপাকা ঘরের শেষেরটিতে পরিবারসহ থাকতেন জাহাঙ্গীর।

তিনি জানান, রাত পৌনে ৯টার দিকে মাঝের ঘরে আগুনের সূত্রপাত হয়। ওই সময় এলাকায় বিদ্যুৎ ছিল না।

আরফানুল বলেন, “অগ্নিকাণ্ডের সময় জাহাঙ্গীর তার দুই ছেলেকে পড়াচ্ছিলেন।”

আগুনে ঘটনাস্থলে জাহাঙ্গীর ও জুনায়েদ মারা যান বলে জানিয়েছেন অগ্নি নির্বাপক বাহিনীর উপসহকারী স্টেশন কর্মকর্তা জসিম উদ্দিন।

সিফাতকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নেয়া হলে চিকিৎসক জানান, তার মৃত্যু হয়েছে।

এই অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

নিহত জাহাঙ্গীর ‘ইউরো ভিজিল’ নামে একটি নিরাপত্তাকর্মী সরবরাহকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন।