প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডীয় প্রতিনিধি দলের বৈঠক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের কানাডা শাখার একটি প্রতিনিধি দল বৈঠক করেছেন।
বৈঠককালে তারা যুদ্ধাপরাধের চলমান বিচার, সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণ, সন্ত্রাসবাদ দমন, দারিদ্র্য বিমোচন এবং বাংলাদেশের অর্থনীতির সাফল্য নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই বৈঠক শেষে তার প্রেস সচিব আবুল কালাম আজাদ এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিধিদলকে বলেন, দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গণতন্ত্র ও সংসদীয় ব্যবস্থা শক্তিশালীকরণের ব্যাপারে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকার নির্বাচন কমিশনসহ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করেছে।
গত চার বছরে বর্তমান সরকারের সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং জাতীয় সংসদের উপ-নির্বাচনসহ সাড়ে পাঁচ হাজার নির্বাচন অনুষ্ঠানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত এসব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়েছে।
এসব নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি বলেও জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তার সরকার সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ কঠোর হাতে দমন করেছে।
দারিদ্র্যকে উন্নয়নের প্রধান প্রতিবন্ধক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী এ ক্ষেত্রে বিশ্বের সকল দেশের সম্মিলিত প্রয়াসের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।
