২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনা হতে হবে শর্ত ছাড়া: স্বরাষ্ট্র মন্ত্রী

বিএনপির পক্ষ থেকে কেবল শর্ত ছাড়া বসার প্রস্তাব এলে সরকার তা বিবেচনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 10:32 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন শেষে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “যারা বোমা রাখে তারা কিন্তু আলোচনার কথা বলছে না। আওয়ামী লীগ বহু আগে থেকেই আলোচনার কথা বলছে। বিএনপির যদি কিছু বলার থাকে তাহলে আলোচনা হতেই পারে।

“তবে কথা বলার ভাষা যদি বোমা ফেলার কার্যক্রমে নিহিত থাকে, তাহলে সে কথা বলে কোন ফলপ্রসু হবে না।”

আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, “আমি সুস্পষ্টভাবে বলতে চাই, এরপরেও যদি বিএনপি কোন ধরনের পূর্ব শর্ত ছাড়া সরকার বা আওয়ামী লীগের সঙ্গে কথা বলার অভিপ্রায় ব্যক্ত করে তাহলে নিশ্চয়ই সে আলোচনায় আমরা অংশগ্রহণ করব।”

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা ও স্থানীয় সাংসদ এম এ লতিফ।

স্বাগত বক্তব্য রাখেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল কাজী সরওয়ার হোসেন। 

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এই দাবিতে তারা একাধিক হরতাল, সভা-সমাবেশসহ বিক্ষোভ কর্মসূচি পালন করে। একাধিক সহিংসতার ঘটনাও ঘটে।

এ নিয়ে সরকারের পক্ষ থেকে বিরোধী দলকে সংসদে গিয়ে কথা বলার আহ্বান জানানো হলেও বিএনপি বলেছে, শুধু নির্দলয়ীয় তত্ত্বাবধায়ক সরকারের বিল আনলেই তারা সংসদে যাবেন।

এদিকে বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে মহাসমাবেশ করার কথা থাকলেও হেফাজতে ইসলাম নামে একটি সংগঠনের পাল্টা কর্মসূচি এবং হরতালের মুখে তা স্থগিত করা হয়।

জানতে চাইলে মন্ত্রী বলেন, “যেহেতু দুটি পক্ষ মুখোমুখি হয়েছিল, সে কারণেই নগরীতে সব ধরনের সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ ঘোষণা করে নগরীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ নিয়েছে পুলিশ।”

সাতকানিয়া, লোহাগড়া ও বাঁশখালীতে জামায়াত-শিবিরের তাণ্ডব প্রসঙ্গে মন্ত্রী বলেন, “এটা কোন প্রতিবাদের ভাষা হতে পারে না। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে।”