‘জনমতের চাপে ছেড়ে দিতে বাধ্য হয়েছে’
পুলিশের হাতে আটক হওয়ার ১৯ ঘণ্টা পর মুক্তি পেয়ে ফখরুল ইসলাম আলমগীর আলমগীর বলেছেন, সরকার জনমতের চাপে তাকেসহ আরো দুই নেতাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে।
সোমবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতাদের আটক করে নিয়ে যায় পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের মধ্যে ফখরুল, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে মুক্তি দেয়া হয়।
বেলা ১টার দিকে মুক্তি পেয়েই নয়া পল্টনের কার্যালয়ে আসেন তিন নেতা। সেখানে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া তুলে ধরেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “আমাদের তিনজনকে ছেড়ে দেয়া হলেও আরো নেতাকর্মকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। সরকার জনতার চাপে আমাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে।”
রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুকসহ আটক নেতাদেরও অবিলম্বে মুক্তি দেয়া না হলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে সরকারকে হুঁশিয়ার করেন তিনি।
বাকি নেতাকর্মীদের বৃহস্পতিবারের মধ্যে মুক্তি না দিলে আগামী ১৮ ও ১৯ মার্চ সারা দেশে ১৮ দলের পক্ষ থেকে হরতাল পালনের ঘোষণাও মনে করিয়ে দেন তিনি।
সোমবার বিকালে বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশের শেষ দিকে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এর পরপরই বিএনপি কর্মীরা পুলিশের দিকে ঢিল ছুড়তে থাকে এবং সমাবেশ পণ্ড হয়ে যায়। তাৎক্ষণিকভাবে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর ঘণ্টাখানেক পর বিএনপি কার্যালয় থেকে ফখরুল, সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, রুহুল কবির রিজভী, জয়নুল আবদিন ফারুকসহ শতাধিক নেতা-কর্মীকে আটক করে পুলিশ। কার্যালয়ে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি হাতবোমা উদ্ধারের কথা জানায়।
এ বিষয়ে ফখরুল বলেন, “পুলিশ ককটেল জাতীয় জিনিস প্ল্যান্ট করে এখন বলছে যে এগুলো আমরা কার্যালয়ে রেখেছি।
“কার্যালয়ে বিস্ফোরক রাখার কোনো কারণই আমাদের নেই। আমরা একটি গণতান্ত্রিক দল। আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি।”
তিনি বলেন, পুলিশি তল্লাশির সময় তার চেম্বারের সব আসবাপত্র ভাংচুর করা হয়েছে। ফ্যান ও এসি নষ্ট করা হয়েছে। দপ্তরের দুটি কম্পিউটার অকেজো করে দেয়া হয়েছে। কাউন্সিলের সব নথিপত্র ও টাকা পয়সা নিয়ে গেছে পুলিশ। টিভি, ফ্রিজ, ফটোকপি মেশিনসহ ব্রিফিং কক্ষের আসবাপত্র ও মাইক সিস্টেমও নষ্ট করে দেয়া হয়েছে। ভাংচুর করা হয়েছে টয়েলেটের সেনিটারি সামগ্রীও।
অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির সদস্য কায়সার কামাল ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
এদিকে সোমবার বিএনপি কার্যালয়ের সামনে বোমা বিস্ফেরণ ও পুলিশের ওপর হামলার অভিযোগে মঙ্গলবার পল্টন থানায় দুটি মামলা করেছে পুলিশ। রিজভী, ফারুক, আমানসহ ১৫৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ৫০ জনকে আসামি করা হয়েছে এসব মামলায়।
