ফখরুল, খোকা, আলতাফ মুক্ত
নয়া পল্টনে বিএনপি কার্যালয় থেকে আটক করার ১৯ ঘণ্টা পর বিএনপির তিন শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে মুক্তি দিয়েছে পুলিশ।
তবে সোমবার বিএনপি কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ১৮ দলীয় জোটের ১৫৪ নেতাকর্মীকে আসামি করে দুটি মামলা করা হয়েছে।
উপ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন ও মো. আলাউদ্দিন মঙ্গলবার দুপুরে পল্টন থানায় মামলা দুটি দায়ের করেন।
পল্টন থানার ওসি গোলাম সারোয়ার জানান, মামলা দুটির মধ্যে একটি করা হয়েছে দ্রুত বিচার আইনে। অন্যটি পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে।
মামলায় ১৮ দলীয় জোটের ১৫৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো কিছু নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে জানান ওসি।
এই মামলা দায়েরের পরপরই মঙ্গলবার বেলা ১টার দিকে গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ তিন নেতাকে মুক্তি দেয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকেমকে জানান মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
মুক্তি পেয়েই নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে উপস্থিত হন তারা তিন জন। এর পরপরই ওই কার্যালয়ের কাছে একটি হাতবোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
সোমবার বিকালে বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশের শেষ দিকে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এর পরপরই বিএনপি কর্মীরা পুলিশের দিকে ঢিল ছুড়তে থাকে এবং সমাবেশ পণ্ড হয়ে যায়। তাৎক্ষণিকভাবে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর ঘণ্টাখানেক পর বিএনপি কার্যালয় থেকে ফখরুল, সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, রুহুল কবির রিজভী, জয়নুল আবদিন ফারুকসহ শতাধিক নেতা-কর্মীকে আটক করে পুলিশ। কার্যালয়ে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি হাতবোমা উদ্ধারের কথা জানায়।
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) গাজী রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার নয়া পল্টন থেকে ১৮ দলীয় জোটের ১৫৫ নেতাকর্মীকে আটক করা হয়, যাদের মধ্যে জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মীও রয়েছেন।
