ঝিনাইদহে ট্রাকে আগুন, মন্দিরে ভাংচুর
ঝিনাইদহে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যার হরতালের শুরুতে একটি ট্রাকে আগুন দিয়েছে পিকেটাররা।
শৈলকুপা উপজেলায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের দুধসর নামক স্থানে ভোরে হরতাল সমর্থনকারীরা সিমেন্ট বোঝাই এই ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
গাছ ফেলে রাস্তায় ব্যারিকেড দিয়ে কুষ্টিয়াগামী ট্রাকটি থামানো হয় বলে জানান শৈলকুপার থানার ওসি আব্দুল বারি।
“ট্রাকটি থামলে তাতে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়।”
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে সোমবার গভীর রাতে কালীগঞ্জ উপজেলার পারখালকুলা গ্রামের অঙ্গীতা মহাশ্মশানের শিব মন্দিরে ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
কালীগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, “গেট ভেঙ্গে মন্দিরের ভেতরে ঢুকে তারা ২১টি শিব মূর্তি ভেঙ্গে রেখে যায়।”
