সিলেটে ঢিলেঢালা হরতাল
সিলেটে হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল হলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে।
স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সকাল ৮টার দিকে সিলেট নগরীর বারুতখানা এলাকা থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। মিছিলটি জিন্দাবাজারের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া দেয়।
এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার পাশাপাশি আশপাশের কয়েকটি দোকান ভাংচুর করে পালিয়ে যায় হরতালকারীরা।
এরপর সকাল পৌনে ৯টার দিকে মহানগর বিএনপির সভাপতি এম এ হকের নেতৃত্বে একটি মিছিল বন্দরবাজার থেকে শুরু হয়ে জেলরোডে গিয়ে শেষ হয়।
হরতালের কারণে নগরীতে অন্যদিনের তুলনায় যানবাহন চলাচল কিছুটা কম রয়েছে। তবে রিকশা, অটোরিকশা ও হালকা যানবাহন চলছে। সরকারি অফিস-আদালতে স্বাভাবিক কাজকর্ম চলছে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার রেজাউল করিম জানান, বারুতখানা এলাকায় হরতাল সমর্থকদের মিছিল থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এখন পর্যন্ত নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
সকালে সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
সিলেট রেলষ্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, সিলেট থেকে নির্ধারিত সময় অনুযায়ী সব ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে।
বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল শফিউল আযম বলেন, হরতালে নাশকতা এড়াতে পুলিশ ও র্যাবের পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
