মেয়র ‘অপহরণ’: বেনাপোলে অবরোধ চলছে
নিখোঁজ হওয়ার চারদিন পরও বেনাপোল পৌর সভার প্যানেল মেয়র তারিকুল আলম তুহিনের কোনো খোঁজ দিতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার দুপুরের পর থেকে শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক এই সভাপতি নিখোঁজ রয়েছেন। তাকে ‘অপহরণ’ করা হয়েছে বলে স্বজনরা অভিযোগ করছেন।
এর প্রতিবাদে যশোরের শার্শা উপজেলা আওয়ামী লীগ শনিবার সকাল থেকে লাগাতার অবরোধের ডাক দেয়।
সোমবারও শার্শার গুরুত্বপূর্ণ সড়কে তৃতীয় দিনের মতো অবরোধ অব্যাহত ছিল।
তুহিনকে জীবিত উদ্ধারের দাবিতে সোমবার দুপুরে পৌরসভার আট কাউন্সিলর ও তিন নারী কাউন্সিলরের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারিরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারক দিয়েছে।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তুহিনকে সুস্থ অবস্থায় না পাওয়া গেলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তাদের কর্মসূচির প্রতি জেলা আওয়ামীলীগও সমর্থন দিয়েছেন বলে জানান তিনি।
শার্শা থানার ওসি ছাইরুদ্দিন ও বেনাপোল বন্দর থানার ওসি মিজানুর রহমান বলেন, অবরোধ চললেও প্রতিদিন সন্ধ্যার পর থেকে সকাল ৮টা পর্যন্ত অবরোধ শিথিল করা হয়েছে।
এদিকে তুহিনের সন্ধান চেয়ে বেনাপোল ছোট আচড়ার মোড়, বলফিল্ড এলাকা, কাগজপুকুর, শার্শার থানা মোড়, কামারবাড়ির মোড়, শ্যামলাগাছির মোড়, নাভারন-সাতক্ষীরা মোড়, বাগআচড়া সাতমাইল প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা দেয় অবরোধকারীরা।
