মটর সাইকেল না পেয়ে আত্মহত্যা
শেরপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্র আত্মহত্যা করেছেন।
নাজমুস শাকিব (১৮) নামের ওই ছাত্র শেরপুর পৌরসভার কসবা কাচারি পাড়া গারোটিলা এলাকার অ্যাডভোকেট একেএম হাবিবুল ইসলামের ছেলে।
তিনি শেরপুরে পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজির তৃতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন।
হাবিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেশ কয়েকদিন ধরে শাকিব মটর সাইকেল কিনে দেয়ার জন্য বায়না করছিল।”
শুক্রবার রাতে এ নিয়ে অভিমান করে সাড়ে ১১টার দিকে শাকিব বাড়ি থেকে বেরিয়ে যান।
সকালে বাড়ির অদূরে একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এব্যাপারে শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি মাজহারুল করিম।
তিনি বলেন, পরিবারের আবেদনে শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ওই ছাত্রের লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে।
