সাভারে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত
ঢাকার সাভারে র্যা বের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত হয়েছেনি।
সাভার পৌর এলাকার ছোট বলি মেহের মহল্লায় শুক্রবার রাতে এই ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. মুন্না (৪০) ওই এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। তিনি এলাকায় ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন বলে জানিয়েছেন সাভার মডেল থানার উপপরিদর্শক কায়সার মাতুব্বর।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুন্নার বিরুদ্ধে সাভার থানায় প্রায় দুই ডজন মামলা রয়েছে। এছাড়া মাদক চোরাকারবারি হিসেবে আশুলিয়া, সিঙ্গাইর ও মানিকগঞ্জসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে।
ঘটনার বর্ণনায় র্যাব-৪ সাভার ক্যাম্পের কমান্ডার মেজর কে এম আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে ডিএডি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে র্যাবের একটি দল ইমান্দিপুর, মজিদপুর ও ছোট বলিমেহের মহল্লায় টহল দেয়ার সময় ৩টার দিকে লালশাক বোঝাই একটি ভ্যান যেতে দেখে তা থামানোর নির্দেশ দেয়া হয়।
“কিন্তু ভ্যানটি না থামিয়ে সেখান থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় পনের মিনিট ধরে এই বন্দুকযুদ্ধ চলে।”
‘বন্দুকযুদ্ধের’ পর ভ্যানের কাছে গিয়ে মুন্নার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় বলে ওই র্যাব কর্মকর্তা জানান।
মেজর আরিফ বলেন, ‘বন্দুকযুদ্ধে’ র্যাবের প্লাটুন কমান্ডার সিদ্দিকুর রহমানও আহত হন।
শনিবার ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাইন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলবার ও তিনশ বোতল ফেনসিডিলসহ মুন্নার লাশ থানায় নিয়ে আসে বলে জানান এসআই কায়সার মাতুব্বর।
