নারীর সমান অংশগ্রহণ চান প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতি গঠনের সব কর্মকাণ্ডে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিতে সহযোগিতা করতে সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, দারিদ্র্য ও ক্ষুধামুক্ত দেশ গড়তে সব কর্মকাণ্ডে নারীর সমান অধিকার প্রয়োজন। নারী অধিকার প্রতিষ্ঠায় প্রত্যেক পুরুষ ও নারীকে এগিয়ে আসতে হবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার সকালে আন্তর্জাতিক নারী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, “কেবল আইন করে নারীর অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।”
বাংলাদেশে নারী উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, “যা অনেক উন্নত দেশেও দেখা যায় না। যদিও নারী উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে অর্জিত সাফল্য উন্নত বিশ্বের সমান নয়, কিন্তু এ ক্ষেত্রে আমাদের অর্জন অনেক উন্নত দেশের চেয়ে কম নয়।”
এ বছর নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘নারীর তথ্য পাওয়ার অধিকার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার’।
প্রধানমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তি সুযোগ গ্রহণ করে অনেক নারী ইতোমধ্যে আত্মনির্ভরশীল হয়েছেন।এ পথেই বাংলাদেশ ডিজিটাল দেশ নির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে।
সরকার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রতিটি নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারই প্রথম স্থানীয় সরকার পর্যায়ে সংরক্ষিত আসনে নারীদের সরাসরি নির্বাচনের ব্যবস্থা করেছে। প্রায় ৫০ হাজার নারী গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়েছে যা কোন উন্নত দেশেও দেখা যায়নি।
আধুনিক নারী উন্নয়ন নীতি প্রণয়ন প্রসঙ্গে তিনি বলেন, “প্রসূতি মায়ের ছুটি ছয় মাস পর্যন্ত বাড়ানো হয়েছে।”
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নারীরা এভারেস্ট চূড়া জয় করেছে এবং তারা কোন ক্ষেত্রেই পিছিয়ে নেই।
তিনি বলেন, “২০০১ সালে সাধারণ নির্বাচনের পর বিএনপি-জামায়াত নারীদের ওপর যে ধরনের সহিংসতা চালিয়েছে তা আমাদের জাতীয় ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে রয়েছে।”
শেখ হাসিনা উল্লেখ করেন, বর্তমান সরকার নারীর বিরুদ্ধে সকল প্রকার সহিংসতা প্রতিরোধে নতুন আইন প্রণয়ন করেছে। যে সব নারী ও শিশু সহিংসতার শিকার হয় তারা চিকিৎসা সেবা, পুলিশ ও আইনি সহায়তার পাশাপাশি ডিএনএ পরীক্ষা, শারীরিক ও সামাজিক সেবা ও আশ্রয় সুবিধা পাচ্ছে। তাছাড়া যে কোন সংকটে নারী ও শিশুদের সহায়তায় মহিলা অধিদপ্তরে ন্যাশনাল হেল্প লাইন সেন্টার (এনএইচসি) স্থাপন করা হয়েছে।
শেখ হাসিনা জানান, বর্তমান সাতটি কর্মজীবী নারী হোস্টেল ছাড়াও পোশাক শ্রমিকদের জন্য শেরপুরের নালিতাবাড়ি ও ঢাকার আশুলিয়ায় আবাসিক হোস্টেল নির্মাণ কাজ চলছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরিন শার্মিন চৌধুরী ও একই মন্ত্রণালয়ের সচিব তরিকুল ইসলাম আলোচনায় অংশ নেন।
