জামায়াতি তাণ্ডবের চিত্র দেখলেন কূটনীতিকরা
যুদ্ধাপরাধের বিচার ও জামায়াতে ইসলামীর সাম্প্রতিক তাণ্ডব এবং এ বিষয়ে সরকারের অবস্থান কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার তার দপ্তরে বিভিন্ন দূতাবাসের প্রধানদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তাণ্ডবের একটি ভিডিও চিত্র তুলে ধরেন তিনি, বলেন এক্ষেত্রে সরকারের অবস্থান কী ছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্কেরসহ প্রায় ৭০ জন কূটনীতিক অংশ নেন।
দীপু মনি পরে সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর যে সহিংসতা ঘটেছে, সে বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে বিভিন্ন দূতাবাস প্রধানদের আমন্ত্রণ জানানো হয়।
যুদ্ধাপরাধীদের বাঁচানোর কর্মসূচি রুখতে হবে: দীপু মনি
গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা পাঁচদিন জামায়াতি তাণ্ডবের ফলে সৃষ্ট সহিংসতায় ৬৭ জন নিহত হয়। হামলা হয় হিন্দু সম্প্রদায়ের ওপর, ট্রেনে আগুন দেয়া হয়, পোড়ানো হয় রেলস্টেশন-বিদ্যুৎ কেন্দ্র। গাড়ি ও দোকানপাটও ব্যাপক ভাংচুর হয়।
সাম্প্রতিক সহিংসতা নিয়ে কূটনীতিকরা তিনটি প্রশ্ন রেখে তার উত্তর চান পররাষ্ট্রমন্ত্রীর কাছে।
জামায়াত নিষিদ্ধ হচ্ছে কি না- কূটনীতিকদের এই প্রশ্নের উত্তরে দীপু মনি বলেন, “নানা মহল থেকে এই দাবি উঠেছে। সরকার তা বিবেচনা করছে।”
চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী নামানোর কোনো পরিকল্পনা রয়েছে কিনা- কূটনীতিকদের এই জিজ্ঞাসায় মন্ত্রী বলেন, এখন সরকার তার প্রয়োজন বোধ করছে না। তবে জনগণের জানমাল রক্ষায় সরকার যে কোনো পদক্ষেপ নিতে পারে।
জামায়াতের অর্থের যোগান সম্পর্কেও কূটনীতিকদের মধ্য থেকে প্রশ্ন এসেছে।
দীপু মনি তাদের বলেন, “এই বিষয়টি আলোচনায় আসছে। ইন্ডিপেন্ডেন্ট অনেক গবেষক এনিয়ে কাজ করছে। সরকার বিষয়টি খতিয়ে দেখবে।”
