২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘুদের ভয় দূর করতে হবে: কাদের

জামায়াতি তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 12:42 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

হামলাকারী কাউকে সরকার ছাড় দেবে না বলেও জানিয়েছেন তিনি।

জামায়াতি তাণ্ডবে ক্ষতিগ্রস্ত নোয়াখালীর রাজগঞ্জের হিন্দু সম্প্রদায়ের মধ্যে বৃহস্পতিবার ত্রাণ সামগ্রী বিতরণ করেন মন্ত্রী।

তিনি বলেন, “সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের সঙ্গে কোনো আপস করা হবে না। অপরাধের শাস্তি তাদের পেতেই হবে। এ ব্যাপারে সরকারের সহনশীলতা একেবারে শূন্যের পর্যায়ে।”

রাজগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য স্মরণ করে নোয়াখালীর বাসিন্দা কাদের বলেন, “যারা এই হামলা চালিয়েছে, তারা নিঃসন্দেহে শান্তির জনপদে একটা অসাম্প্রদায়িক সন্ত্রাস চালিয়েছে।”

“এই অবস্থায় ক্ষতিগ্রস্তদের টাকা দিলে, টিন দিলে কিংবা শাড়ি-লুঙ্গি দিলেই হবে না। বাড়িঘর-মন্দির তৈরি করে দেয়ার পাশাপাশি এখানে মানুষের মন থেকে আতঙ্ক দূর করতে হবে, ভয় দূর করতে হবে, শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করতে হবে।”

এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীদের এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নিতে বলেন এই সংসদ সদস্য।

তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রাজগঞ্জে ক্ষতিগ্রস্ত ৬৭টি পরিবারের মাঝে নগদ টাকা, শাড়ি-লুঙ্গি ও ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করেন।