২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের অপপ্রচার প্রতিরোধে আলেমদের সঙ্গে বৈঠক বুধবার

ধর্ম নিয়ে জামায়াত-শিবিরের অপপ্রচার প্রতিরোধে বুধবার প্রতি উপজেলায় আলেমদের সঙ্গে বৈঠক করবে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 01:45 PM

Updated : 23 Aug 2022, 10:19 AM

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ে জামায়াত-শিবিরের নাশকতামূলক কর্মকাণ্ড এবং অপপ্রচার নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মপ্রতিমন্ত্রী শাহজাহান মিয়া।

সম্প্রতি জামায়াত-শিবিরের হামলায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত উপসনালয়গুলো পুনর্নির্মাণেও সরকার সহযোগিতা করবে বলে জানান তিনি।

ধর্মীয় অপপ্রচার রোধে ইতিমধ্যে ঢাকার বিভিন্ন মসজিদের খতিবদের সঙ্গে ও জেলা পর্যায়ে বৈঠক করা হয়েছে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী।

হামলায় হতাহতদের অধিকাংশই মুসলমান উল্লেখ করে শাহজাহান মিয়া বলেন, “ইসলামের দোহাই দিয়ে তারা [জামায়াত-শিবির] পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ঘর-বাড়িতে আগুন দিচ্ছে এবং তাদের পবিত্র উপসানালও ধ্বংস করছে।

“বাংলাদেশকে একটি সন্ত্রাসী ও জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে এবং ইসলামের মর্যাদা বিনষ্ট করার জন্যই জামায়াত-শিবির নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।”

ইসলামের নাম ভাঙ্গিয়ে কেউ যাতে ‘ইসলামবিরোধী’ কর্মকাণ্ড চালাতে না পারে এবং ইসলামকে ‘কলঙ্কিত’ করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান প্রতিমন্ত্রী।