সাতক্ষীরায় উদ্বেগ-উৎকণ্ঠা
জামায়াত-শিবিরের অবরোধে কার্যত বিচ্ছিন্ন সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
পরিস্থিতি ঝুঁকিপূর্ণ বলে পুলিশেরই এক কর্মকর্তা জানালেও উর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, আশঙ্কার কিছু নেই।
গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ে ক্ষুব্ধ জামায়াতকর্মীদের তাণ্ডবে প্রথম দিনই নিহত হন চারজন, এর মধ্যে দুজন সরকার সমর্থক সংগঠনের নেতা-কর্মী।
সোমবারও কলারোয়া উপজেলায় জামায়াত-শিবিরের সঙ্গে বিজিবি সদস্যদের সংঘর্ষে তিনজন নিহত হয়।
সাতক্ষীরার সঙ্গে খুলনা ও যশোরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জেলার সঙ্গে উপজেলাগুলোর সংযোগ সড়কের প্রায় প্রতিটিতেই গাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছে। ফলে উপজেলাগুলোতে জরুরি অবস্থায় সাহায্যকারী দল পাঠানোও দুস্কর হয়ে পড়েছে।
কালীগঞ্জ উপজেলার সঙ্গে জেলার সড়ক যোগাযোগ বন্ধ। সড়কে ফেলে রাখা গাছের গুঁড়ি তুলতে গিয়ে বিক্ষোভকারীদের রোষের মুখে পড়েন পুলিশ সদস্যরা।
কালীগঞ্জে অবস্থানরত এএসপি তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা আতঙ্কের মধ্যে রয়েছেন।
ওই এলাকায় এখন বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর দেড়শ সদস্য অবস্থান করলেও এর কয়েকগুণ জামায়াতকর্মী উপজেলা সদরে রয়েছে বলে স্থানীয়রা জানায়।
এএসপি তাজুল বলেন, “সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বিশেষ মুহূর্তে অ্যাকশনে যাওয়ার সুযোগ নেই। এ অবস্থায় হামলা হলে প্রতিরোধ কঠিন হবে।”
তবে কালীগঞ্জ থানার ওসি আলী আহমেদ মাসুদ রাত ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে।”
অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা সব বিষয়ে সতর্ক রয়েছেন। আশঙ্কার কিছু নেই।
পুলিশ সদস্যরা থানায় আটকে পড়েছেন বলে সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত খবরটি ‘গুজব’ বলে উড়িয়ে দেন তিনি।
এদিকে কলারোয়ায় সোমবার জামায়াত-শিবিরের সঙ্গে বিজিবি সদস্যদের সংঘর্ষে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন বলে জানান কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসেইন শওকত।
নিহত মো. আরিফ বিল্লাহ (৪০) ও মো. রুহুল আমিন (৩০) কলারোয়া উপজেলার কামারালী গ্রামের বাসিন্দা। তাদের বাবার নাম রহিম মুন্সী।
নিহত অন্য ব্যক্তি শামসুর রহমান (৪০) কলারোয়া ওসাপুর গ্রামের মজিবুর রহমান মোড়লের ছেলে।
ইউএনও বলেন, সকাল সাড়ে ১১টার দিকে জামায়াত-শিবিরকর্মীরা কলারোয়া-সরসকাটি সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিলে বিজিবি সদস্যরা তা সরাতে থাকে। এ সময় জামায়াত-শিবিরকর্মীরা তাদের ওপর হামলা চালায়। বিজিবি গুলি ছুঁড়লে পাঁচজন আহত হন।
আহতদের মধ্যে দুজন কিছু সময় পর এবং শামসুর রাতে মারা যান।
সাতক্ষীরা সদর, আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জ উপজেলায় ১৪৪ ধারা জারি রয়েছে।
এদিকে সোমবার রাতে জামায়াত-শিবিরকর্মীরা সদর থানার ভোমরা-কালিয়া মহাসড়কে এক মটরসাইকেল আরোহীর ওপর হামলা চালায়।
হামলায় আহত ইদ্রিস আলী (২৫) ভোমরা মুক্তিযুদ্ধ সংসদের কমান্ডার জুলমত আলীর ছেলে। তার মাথা ফেটে গেছে বলে ভোমরা ইউপি চেয়ারম্যান আসাদুল ইসলাম জানিয়েছেন।
একই সময় হাড়কদা এলাকায় সাতক্ষীরার স্থানীয় দৈনিক পত্রদূতের ভোমরা বন্দর প্রতিনিধি আসাদুল ইসলামের পথ রোধ করে তার মটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়।
